Arijit Singh CJP Protest
Bengal Liberty
ককরোচ জনতা পার্টির তরুণ আন্দোলনকারীদের সংসদ অভিযানের পর দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে (Arijit Singh)। অভিযোগ, বিক্ষোভ রত পড়ুয়াদের উপর দিল্লি পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। নিজের এক্স হ্যান্ডলে অরিজিৎ লেখেন, পড়ুয়াদের সঙ্গে এমন ব্যবহার কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি তিনি উল্লেখ করেন, “পরিবর্তনই একমাত্র ধ্রুবক।” তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

ছাত্রদের পাশে অরিজিৎ Arijit Singh
অরিজিতের পোস্টে বহু নেটিজেন তার অবস্থানের প্রশংসা করলেও, সমালোচনাও কম হয়নি। এক ভক্ত মন্তব্য করেন, অরিজিতের এই বক্তব্যের পর তার প্রতি সব শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন। এতদিনের প্রিয় শিল্পীকে আর সমর্থন করতে পারছেন না বলেও জানান তিনি।

এর উত্তরে অরিজিৎ অত্যন্ত সংযত ও ভদ্র ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি লেখেন, কেউ তাকে সম্মান করুন বা না করুন, তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। প্রত্যেকেরই নিজস্ব মত প্রকাশের অধিকার রয়েছে। তবে শুধুমাত্র কেউ তার ভক্ত বলেই তিনি নিজের বিশ্বাস বা মতামত বদলে ফেলবেন না বলেও স্পষ্ট জানান। একই সঙ্গে যদি তার বক্তব্যে ওই ভক্তের অনুভূতিতে আঘাত লেগে থাকে, তার জন্য দুঃখ প্রকাশ করেন গায়ক।

শেষে অরিজিৎ বলেন, ইচ্ছা হলে ওই ব্যক্তি তার সব গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, এমনকি তাকে ভুলেও যেতে পারেন। কিন্তু নিজের বিশ্বাস ও মতামত থেকে তিনি সরে আসবেন না। পাশাপাশি ওই ভক্তের সুস্থ ও ভালো থাকার শুভেচ্ছাও জানান তিনি। অরিজিতের এই শান্ত, সংযত অথচ দৃঢ় জবাবের প্রশংসা করেছেন বহু অনুরাগী এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারী।

