Nabanna
Bengal Liberty
পশ্চিমবঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে(Nabanna) আরও স্বচ্ছ, নির্ভুল ও নাগরিকবান্ধব করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার কার্যকর করেছে রাজ্য সরকার। নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো নিবন্ধন প্রক্রিয়াকে আরও দ্রুত, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করে তোলা, যাতে সাধারণ মানুষ সহজেই সরকারি পরিষেবা পান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভুয়ো জন্ম ও মৃত্যুর শংসাপত্র বিলি এবং দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে পুলিশি অভিযান শুরু হয়। রাজ্যের একাধিক জেলায় অস্বাভাবিক হারে শংসাপত্র বিলির পরিসংখ্যান দেখে স্তম্ভিত হয়ে যায় নবান্ন। এর পরেই সরকারের তরফ থেকে জন্ম-মৃত্যু নিবন্ধনের এই নতুন নির্দেশিকা ও নিয়মাবলী জারি করা হয়েছে।

নতুন নিয়মে যে যে পরিবর্তন আসছে(Nabanna)
জেলাশাসকদের হাতে মূল দায়িত্ব(Nabanna)
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি জেলার জেলাশাসক (ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর) সংশ্লিষ্ট জেলার প্রধান ‘জন্ম ও মৃত্যু নিবন্ধক’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এর ফলে জেলা স্তরে নিবন্ধন সংক্রান্ত সমস্ত কাজের সমন্বয় ও তদারকি আরও শক্তিশালী হবে বলে মনে করছে প্রশাসন।

স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানদের দায়িত্ব(Nabanna)
ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ (BMOH), গ্রামীণ হাসপাতালের সুপারিনটেনডেন্ট এবং মেডিক্যাল কলেজের প্রধানরা নিজ নিজ স্বাস্থ্য প্রতিষ্ঠানে হওয়া জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকবেন। এর মাধ্যমে হাসপাতালে হওয়া জন্ম-মৃত্যুর তথ্য দ্রুত ও নির্ভুলভাবে নথিভুক্ত করা সম্ভব হবে।
নির্দিষ্ট আধিকারিক নিয়োগ(Nabanna)
গ্রামীণ ও শহরাঞ্চলের নাগরিক পরিষেবাকে আরও কার্যকর করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য নির্দিষ্ট সরকারি আধিকারিক নিয়োগ করা হবে। ফলে আবেদন গ্রহণ, তথ্য যাচাই এবং শংসাপত্র প্রদানের প্রক্রিয়া আরও গতিশীল হবে।

ক্ষমতার হাতবদল(Nabanna)
এই প্রশাসনিক পরিবর্তনের ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পৌরসভার চেয়ারম্যান বা কার্যনির্বাহী আধিকারিকদের পূর্ববর্তী ‘নিবন্ধক’ ও ‘নিয়োগকারী কর্তৃপক্ষ’ হিসেবে ভূমিকার অবসান ঘটছে। রাজ্য সরকারের দাবি, এই সংস্কারের মূল উদ্দেশ্য হলো প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে নাগরিকদের কাছে সরকারি পরিষেবা যেমন সহজে ও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে, তেমনই সরকারি নথির নির্ভুলতা বাড়বে এবং প্রশাসনিক স্বচ্ছতাও নিশ্চিত করা যাবে।

