Mamata Banerjee
Bengal Liberty: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কলকাতা পুরসভার কাউন্সিলরদের হাইভোল্টেজ বৈঠক শেষ মুহূর্তে বাতিল ঘিরে তীব্র জল্পনা। রবিবার বিকেলে ইএম বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে এই বৈঠকটি হওয়ার কথা ছিল (Mamata Banerjee)। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ইস্তফার পর তৈরি হওয়া সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গিয়েছিল।

দিল্লি সফরের যুক্তি বনাম অন্তর্ঘাত বিতর্ক (Mamata Banerjee)
রবিবার সকালেই কাউন্সিলরদের বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয় যে নির্ধারিত বৈঠকটি আর হচ্ছে না। দলের একাংশের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক দিল্লি সফরের কর্মসূচি তৈরি হওয়ায় তিনি বৈঠকে থাকতে পারবেন না, তাই এই সিদ্ধান্ত। তবে এই ব্যাখ্যা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে। তৃণমূলের একটি সূত্রের মতে, দলনেত্রী নিজে উপস্থিত না থাকলে এই বৈঠকের গুরুত্ব কাউন্সিলরদের কাছে অনেকটাই কমে যেত। তাই নেত্রীর অনুপস্থিতিতে আলোচনার বিশেষ তাৎপর্য থাকবে না বুঝেই তড়িঘড়ি বৈঠক বাতিল করা হয়।
কাউন্সিলরদের গ্রেফতারি ও গরহাজিরার আশঙ্কা?
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ অবশ্য বৈঠক বাতিলের নেপথ্যে গভীর কোনো কারণ দেখছেন। সম্প্রতি কলকাতা পুলিশের মেগা অভিযানে কলকাতা পুরসভার অন্তত আটজন কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। এই চরম অস্বস্তিকর পরিস্থিতিতে মমতার ডাকা বৈঠকে শেষ পর্যন্ত কতজন কাউন্সিলর মুখ দেখাতেন, তা নিয়ে দলের অন্দরেই প্রবল সংশয় তৈরি হয়েছিল বলে খবর।
এর পাশাপাশি, গত শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বিধায়কদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ৭০ জন বিধায়কের মধ্যে উপস্থিতির হার সন্তোষজনক ছিল না, যা নিয়ে দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়। রাজনৈতিক মহলের মতে, বিধায়ক বৈঠকের সেই ‘ফ্লপ শো’-এর পুনরাবৃত্তি এড়াতে এবং প্রকাশ্য মুখ পুড়তে না দিতেই এবার আগেভাগে কাউন্সিলরদের বৈঠক বাতিল করার কৌশল নিল ঘাসফুল শিবির।
কী বলছে তৃণমূল ও বিরোধী শিবির?
যদিও দলের মুখ রক্ষার্থে তৃণমূল নেতৃত্ব সমস্ত জল্পনা উড়িয়ে দাবি করেছে, নেত্রীর দিল্লি সফরের কারণেই এই সিদ্ধান্ত এবং এর পেছনে অন্য কোনো সমীকরণ নেই। তবে ছাড়তে নারাজ বিরোধী শিবির। একটি সাধারণ সাংগঠনিক বৈঠক বাতিলকে হাতিয়ার করে বিরোধীরা ইতিমধ্যেই তৃণমূলের সাংগঠনিক ফাটল ও জনপ্রতিনিধিদের অবাধ্যতা নিয়ে সুর চড়াতে শুরু করেছে। মেয়রের ইস্তফা এবং কাউন্সিলরদের গ্রেফতারির আবহে এই বৈঠক বাতিল আগামী দিনে শাসক দলের অন্দরে কী মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: হাসপাতালে অশোক ভট্টাচার্য, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

