Bengal Liberty: পূর্ব বর্ধমানে জাল লটারি চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ জাল লটারি টিকিট উদ্ধার করেছে জামালপুর থানার পুলিশ। এই ঘটনায় রবীন্দ্রনাথ বাগ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার কালনায় তাঁর আস্তানায় তল্লাশি চালিয়ে জাল টিকিটগুলি উদ্ধার করা হয়।
পুলিশের গোপন অভিযান (Fake lottery racket)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামালপুরের একটি বৈধ লটারি সংস্থার সাব-স্টকিস্ট পার্থ রায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে এলাকায় জাল লটারি টিকিটের কারবার চলছে। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় পরিকল্পনা করে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় রবীন্দ্রনাথ বাগকে গ্রেফতার করা হয় এবং তাঁর কাছ থেকে । বিপুল পরিমাণ জাল লটারি টিকিট উদ্ধার করা হয়।

তদন্তে পুলিশ (Fake lottery racket)
বর্ধমান দক্ষিণের এসডিপিও অভিষেক মণ্ডল জানিয়েছেন, ধৃতকে রবিবার বর্ধমান আদালতে তোলা হয়েছে। জাল লটারি চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর নেপথ্যে কোনও বৃহত্তর চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতের হেফাজতের আবেদন জানিয়েছে।
আরও খবর

তদন্তের অগ্রগতি (Fake lottery racket)
তদন্তকারীদের দাবি, গত ছয় মাসে জামালপুর এলাকা থেকে এই নিয়ে মোট তিনজন জাল লটারি টিকিট বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় অপরাধচক্রের সঙ্গে এই কারবারের যোগসূত্র থাকতে পারে। এর আগে সিআইডি এবং জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পৃথক অভিযানে এই চক্রের সঙ্গে যুক্ত আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ গোটা চক্রের নেটওয়ার্ক খতিয়ে দেখছে।


