Annapurna Bhandar
Bengal Liberty: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায় পূর্ব বর্ধমান জেলাজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। বহু মানুষ টাকা না পেয়ে দিশেহারা হয়ে প্রতিদিন বিডিও অফিসে ভিড় করছেন। এই পরিস্থিতিতে উপভোক্তাদের সহায়তায় সরাসরি ময়দানে নামলেন ভাতাড়ের বিধায়ক সৌমেন কার্ফা।

বিধায়কের উদ্যোগ (Annapurna Bhandar)
যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে বা যাঁরা এখনও সরকারি সহায়তা পাননি, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন বিধায়ক। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে বিধায়ক জানিয়েছেন, ভুক্তভোগীরা একটি আবেদনপত্রে নিজের নাম, সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর এবং আধার নম্বর উল্লেখ করে তাঁর ব্যক্তিগত সহকারীর কাছে জমা দিতে পারবেন। বিধায়ক সৌমেন কার্ফা জানিয়েছেন, তিনি এই সমস্যার সমাধানে সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

পরিস্থিতি ও বিতর্ক (Annapurna Bhandar)
টাকা না মেলায় বিডিও অফিসের কর্মীরাও প্রতিদিন হাজার হাজার মানুষের প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাচ্ছেন। যদিও সরকারি স্তরে বকেয়া টাকা কবে ঢুকবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা মেলেনি।
অন্যদিকে, তৃণমূল নেতা দেবু টুডু জানিয়েছেন, সরকারি ঘোষণার সঙ্গে বাস্তবের বিস্তর ফারাক রয়েছে। বিধায়কের এই উদ্যোগে অনেক উপভোক্তা আশার আলো দেখছেন, তবে শেষ পর্যন্ত কবে তাঁরা তাঁদের বকেয়া টাকা হাতে পাবেন, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।


