North Bengal Visit
Bengal Liberty: বর্ষাকালে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে উত্তরবঙ্গ সফরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠক করে তিনি দুর্যোগ মোকাবিলা, ত্রাণ প্রস্তুতি এবং প্রশাসনিক সমন্বয়ের ওপর জোর দেন। একই সঙ্গে মানুষের জীবন ও সম্পদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন।

আগাম প্রস্তুতির ওপর জোর (North Bengal Visit)
গত বছরের বন্যা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা বিতর্ক তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে এ বছর সম্ভাব্য দুর্যোগের আগেই প্রশাসনকে সক্রিয় করা হয়েছে বলে সরকারি সূত্রের দাবি।
উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ময়নাগুড়ির পথ দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক এবং যোগ্য পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশও দেন।

উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক (North Bengal Visit)
উত্তরকন্যায় জেলাশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কাজ করার নির্দেশ দেন।
প্রশাসনিক সূত্রের দাবি, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, দুর্গত মানুষের পাশে দ্রুত পৌঁছে যাওয়া এবং উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল করাই বর্তমান সরকারের অগ্রাধিকার। এই সফরের মাধ্যমে প্রশাসনের প্রস্তুতি আরও জোরদার হবে বলেই আশা করা হচ্ছে।


