Gour Express
Gour Express

গৌড় এক্সপ্রেসের সময় বদলের দাবি! রেলমন্ত্রীকে চিঠি বিজেপি নেতার

Bengal Liberty : গৌড় এক্সপ্রেসের সময় বদলের দাবি উঠল মালদহ থেকে। সেই আর্জি জানিয়ে সরাসরি কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দিলেন দক্ষিণ মালদহের বিজেপি জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। রাত ৯টা ২০ মিনিটে মালদহ টাউন স্টেশন থেকে ছেড়ে গৌড় এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছয় ভোর ৪টে ৪০ মিনিটে। কিন্তু ভোরবেলায় শিয়ালদহ স্টেশন থেকে গন্তব্যে পৌঁছনোর জন্য পর্যাপ্ত গণপরিবহণ পরিষেবা পাওয়া যায় না বলে অভিযোগ। সেই কারণেই ট্রেনটির যাত্রার সময় পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি।

উল্লেখ্য, বর্তমানে মালদহ টাউন স্টেশন থেকে রাত ৯টা ২০ মিনিটে ছাড়ে গৌড় এক্সপ্রেস। নির্ধারিত সূচি অনুযায়ী, ভোর ৪টে ৪০ মিনিটে শিয়ালদহে পৌঁছয় ট্রেনটি। ফলে কলকাতায় এসে দিনের কাজ শুরু করার আগেই সমস্যায় পড়তে হয় যাত্রীদের। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসা রোগী, তাঁদের পরিজন, পড়ুয়া এবং প্রবীণ যাত্রীদের ভোগান্তি বেশি। ভোররাতে স্টেশন থেকে গন্তব্যে যাওয়ার মতো পর্যাপ্ত বাস বা গণপরিবহণ পাওয়া যায় না। আবার হোটেলে পৌঁছলেও নির্ধারিত সময়ের আগে চেক-ইন করার সুযোগ মেলে না। ফলে দীর্ঘক্ষণ শিয়ালদহ স্টেশনেই অপেক্ষা করতে বাধ্য হন যাত্রীরা।

এই পরিস্থিতির পরিবর্তন চেয়ে গৌড় এক্সপ্রেসের মালদহ থেকে ছাড়ার সময় রাত ৯টা ২০ মিনিটের পরিবর্তে রাত সাড়ে ১০টা করার প্রস্তাব দিয়েছেন অজয় গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, সময়সূচিতে এই পরিবর্তন করা হলে শিয়ালদহে পৌঁছনোর সময়ও পিছিয়ে ভোর সাড়ে ৫টা নাগাদ হতে পারে। তাতে কলকাতায় নেমে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা তুলনামূলকভাবে উপকৃত হবেন।

উত্তরবঙ্গের দিক থেকে কলকাতায় আসার ক্ষেত্রে গৌড় এক্সপ্রেস একটি বিশেষ গুরুত্বপূর্ণ ট্রেন। ভোরবেলায় কলকাতায় পৌঁছে দীর্ঘক্ষণ স্টেশনেই অপেক্ষা করতে হয় বলে যাত্রীদের সমস্যা দীর্ঘদিনের। যাত্রীদের এই দীর্ঘদিনের সমস্যার কথা বিবেচনা করে রেলমন্ত্রক দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে আশা প্রকাশ করেছেন বিজেপির দক্ষিণ মালদহ জেলা সভাপতি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।