Bengal Liberty : আগামী সোমবার লোকসভায় পেশ হবে আসন পুনর্বিন্যাস বিল ও মহিলা সংরক্ষণ বিল। অধিবেশনের কার্যবিবরণী পেশ করে এই কথাই জানাল কেন্দ্র। বিল দুটি লোকসভায় পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ইতিমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিল পেশের অনুমোদন দিয়েছে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও এই বিল দুটির বিষয়ে অনুমোদন দেওয়া হয়।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিল দুটির বিষয়ে জানান, সংশোধিত আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ করানোর উদ্যোগের মধ্যেই তাঁর সরকার মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করতে বদ্ধপরিকর। সমাজমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে তিনি বলেন, দেশের রাজনীতিতে মহিলাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লড়াই দীর্ঘদিনের। বহু মহিলা চিঠি ও ব্যক্তিগত সাক্ষাতের মাধ্যমে তাঁর কাছে এই দাবি জানিয়েছেন।
দেশের মহিলাদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, মহিলা সংরক্ষণ কার্যকর করার পথে যে কোনও বাধা দূর করতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর কথায়, “মহিলা সংরক্ষণের বিরোধিতাকারী দলগুলি সংসদ ও বিধানসভায় দেশের ‘নারী শক্তি’-র অংশগ্রহণ বৃদ্ধি আটকাতে পারবে না। এটি কেবল সময়ের অপেক্ষা।” সরকারের সংকল্প দৃঢ় এবং দেশের মহিলাদের সমর্থন তাঁদের পাশে রয়েছে বলেও দাবি করেন তিনি।
আরও খবর
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের ঠিক আগের দিনই কেন্দ্রীয় মন্ত্রিসভা একাধিক গুরুত্বপূর্ণ আইনগত প্রস্তাবে অনুমোদন দেয়। এর মধ্যে রয়েছে ‘সংবিধান (১৩২তম সংশোধনী) বিল, ২০২৬’ এবং ‘ডিলিমিটেশন (সেকেন্ড) বিল, ২০২৬’। উল্লেখ্য, ‘সংবিধান (১০৬তম সংশোধনী) আইন, ২০২৩’ বা মহিলা সংরক্ষণ আইনে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের বিধান রয়েছে। তবে এই সংরক্ষণ কার্যকর করার বিষয়টি সংশ্লিষ্ট জনগণনার পরিসংখ্যান প্রকাশ এবং তার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার শর্তের সঙ্গে যুক্ত ছিল।


