Bengal Liberty : সংসদের বিশেষ অধিবেশনের প্রাক্কালে নয়া রাজনৈতিক দল ‘এনসিপিআই’-এর (NCPI) স্বীকৃতি এবং অধিবেশনের কার্যসূচি নিয়ে মুখ খুললেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শনিবার দিল্লি রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দলের সাংগঠনিক অবস্থান স্পষ্ট করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অধিবেশন ডাকার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন।
এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘এনসিপিআই’-এর সংযুক্তিকরণ বা মার্জার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়নি; সেক্ষেত্রে তাঁদের বর্তমান সাংসদ পদ এবং দলের স্বীকৃতির অবস্থান ঠিক কোথায় দাঁড়িয়ে? জবাবে কাকলি কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, “আমাদের স্বীকৃতির চিন্তাটা আমাদেরই করতে দিন। বর্তমানে ২০ জন সাংসদ এক জায়গায় রয়েছেন এবং মাননীয় অধ্যক্ষ মহাশয় একটি বিশেষ অধিবেশন ডেকেছেন। আমরা নিশ্চিতভাবে নিজেদের বিষয়টি নিজেদের মধ্যে আলোচনা করব এবং তারপরই আপনাদের বিস্তারিত জানাতে পারব।”
এখনো পর্যন্ত খাতায়-কলমে তাঁরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (এআইটিসি) সাংসদ হিসেবেই গণ্য হচ্ছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি এমন কোনো কথা বলেননি। তাঁর কথায়, “আমাদের ব্যাপারটা আমরা ভাবছি। আমরা নিজেদের মধ্যে বৈঠক করব, চূড়ান্ত সিদ্ধান্ত নেব এবং তারপরেই আপনারা সব জানতে পারবেন।” তবে খাতায়-কলমে এখনো এআইটিসি-র চিফ হুইপের নির্দেশিকা কার্যকর থাকার প্রসঙ্গটি সাংবাদিকরা বারবার তুললে পাল্টা জবাব দেন শতাব্দী। তিনি বলেন, “আপনি তো একই কথা তিনবার বললেন।
আরও খবর
আপনি কি জানেন যে এআইটিসি-র যিনি চিফ হুইপ, তাঁকে বাদল অধিবেশন (মনসুন সেশন) থেকে সাসপেন্ড করা হয়েছে? তিনি তো সেখানে নেই। এআইটিসি-র চিফ হুইপ এই বিশেষ অধিবেশনেও চিফ হুইপ হিসেবে উপস্থিত নেই।” সাংবাদিকদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, এই টেকনিক্যাল বিষয়গুলি নিয়ে মাথা না ঘামিয়ে বরং দেশের ভালো কীভাবে হবে, তা নিয়ে ভাবা উচিত। দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধের কথা তুলে ধরে বীরভূমের সাংসদ বলেন, “আমাদের রাষ্ট্রের উন্নতি যাতে হয় এবং এই লোকতন্ত্রের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে যাঁদের নির্বাচিত করেছেন, তাঁদের যাতে আমরা যথাযথ মান্যতা দিয়ে উন্নয়নের কাজে শামিল হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই লক্ষ্য হওয়া উচিত। আমরা সেইভাবেই সহযোগিতা করব এবং ভোট দেব।”
অন্যদিকে, সংসদের এই বিশেষ অধিবেশনের এজেন্ডা বা কার্যসূচি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শতাব্দী। তিনি অভিযোগ করেন, অধিবেশন ডাকা হলেও ঠিক কোন বিল পেশ করা হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি। তাঁর বক্তব্য, “এখনো অবধি কোনো বিল এনলিস্টেড বা তালিকাভুক্ত হয়নি। আপনারা ‘বিজনেস অফ দ্য হাউস’ দেখুন। আমাদের বিশেষ অধিবেশনে ডাকা হয়েছে এবং বলা হয়েছে যে সরকারি কাজকর্ম (গভর্নমেন্ট বিজনেস) হবে। কিন্তু বাস্তবে কোন বিল আসবে, তার কোনো তালিকাভুক্তি এখনও পর্যন্ত করা হয়নি।” সব মিলিয়ে, একদিকে নয়া দলের স্বীকৃতি নিয়ে কৌশলী অবস্থান এবং অন্যদিকে বিশেষ অধিবেশনের বিল তালিকাভুক্ত না হওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়ে অধিবেশনের শুরুতেই রাজনৈতিক পারদ চড়িয়ে রাখলেন শতাব্দী।


