Bengal Liberty : দেশের ডিজিটাল নিরাপত্তা, সরকারি কর্মীদের দক্ষতা বৃদ্ধি থেকে শুরু করে তরুণ প্রজন্মকে মাদকাসক্তির অন্ধকার থেকে ফিরিয়ে আনা—একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন কি বাত’-এর ১৪০তম পর্বে সাইবার প্রতারণা রুখতে কেন্দ্রের ‘সঞ্চার সাথী’ প্ল্যাটফর্মের সাফল্য তুলে ধরার পাশাপাশি সরকারি কর্মীদের প্রশিক্ষণের জন্য ‘আইগট কর্মযোগী’ ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি। একইসঙ্গে দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মোবাইল ফোন হারিয়ে গেলে ব্যক্তিগত তথ্য, ছবি, যোগাযোগের নম্বর এবং গুরুত্বপূর্ণ নথি হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই সমস্যা মোকাবিলায় ‘সঞ্চার সাথী’ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশবাসীকে তিনি জানান, এখনও পর্যন্ত ‘সঞ্চার সাথী’ পোর্টালে ৩ কোটিরও বেশি বার ভিজিট হয়েছে এবং অ্যাপটি প্রায় ৩ কোটি বার ডাউনলোড করা হয়েছে। মোবাইল ফোনের IMEI নম্বরের মাধ্যমে হারিয়ে যাওয়া ফোন ব্লক করার পাশাপাশি সেটি শনাক্ত করার ক্ষেত্রেও এই ব্যবস্থা সাহায্য করে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি ‘সঞ্চার সাথী’ পোর্টালে প্রয়োজনীয় তথ্য দিয়ে হারানো ফোনের খোঁজ পাওয়ার প্রক্রিয়া শুরু করা সম্ভব।
শুধু হারানো মোবাইল উদ্ধার নয়, সাইবার প্রতারণা রুখতেও এই প্ল্যাটফর্মের ভূমিকা তুলে ধরেন মোদি। তাঁর দাবি, ইতিমধ্যেই ১৪ লক্ষেরও বেশি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক, পেমেন্ট অ্যাপ, টেলিকম সংস্থা এবং পুলিশ-সহ ১,৬০০-রও বেশি প্রতিষ্ঠান এই ব্যবস্থার সঙ্গে যুক্ত। এর ফলে সাইবার জালিয়াতির একাধিক প্রচেষ্টা সময়মতো আটকানো সম্ভব হয়েছে। এই ব্যবস্থার সাহায্যে এখনও পর্যন্ত ৫,০০০ কোটি টাকারও বেশি সম্ভাব্য আর্থিক ক্ষতি প্রতিরোধ করা গিয়েছে বলেও জানান তিনি। ২৩টি ভাষায় উপলব্ধ এই অ্যাপের মাধ্যমে সন্দেহজনক ফোন নম্বর এবং প্রতারণামূলক কলের তথ্যও রিপোর্ট করা যায়। নাগরিকদের এই বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আবেদন জানান প্রধানমন্ত্রী।
আরও খবর
এরপরই সরকারি কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ‘আইগট কর্মযোগী’ প্ল্যাটফর্মের কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “সরকারি চাকরিতে দীর্ঘদিন কাজ করার পরেও নতুন কিছু শেখার আগ্রহ হারিয়ে ফেলেননি বহু কর্মী। এই ডিজিটাল প্ল্যাটফর্মে ১৭টি ভারতীয় ভাষায় ৭,০০০-এরও বেশি প্রশিক্ষণমূলক কোর্স রয়েছে। লক্ষ লক্ষ সরকারি কর্মী ইতিমধ্যেই বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI থেকে শুরু করে ভারতীয় সাঙ্কেতিক ভাষা—বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা।”
AI এবং নতুন প্রযুক্তি সংক্রান্ত ২০০-রও বেশি কোর্সে ৩.২৫ কোটিরও বেশি কোর্স সম্পন্ন হয়েছে বলে জানান মোদি। কেন্দ্রের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মীরাও এই উদ্যোগের সঙ্গে যুক্ত। আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং পরিচ্ছন্নতা কর্মীদের মতো সাধারণ মানুষের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখা কর্মীদের দক্ষতা বৃদ্ধির সুফল সরাসরি নাগরিকদের কাছে পৌঁছবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ‘নাগরিক দেবো ভব’—অর্থাৎ নাগরিকই সর্বোচ্চ, এই ভাবনাকেই ‘মিশন কর্মযোগী’র মূলমন্ত্র বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, দেশের তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তির প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ভারতীয় যুবসমাজের প্রতিভা ও স্বপ্নের পথে মাদক একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী করার পাশাপাশি ‘নেশামুক্ত যুব অভিযান’-এর কথাও উল্লেখ করেন তিনি।
এই প্রসঙ্গে দিল্লির এক যুবকের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। ওই যুবক জানান, অল্প বয়সে কৌতূহল থেকে মাদক গ্রহণ শুরু করলেও ধীরে ধীরে তা তাঁর অভ্যাস এবং নির্ভরশীলতায় পরিণত হয়। বাবা-মাকে হারানোর পর পরিবার-পরিজন থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। রাস্তায় দিন কাটানো, অনাহার এবং চরম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। পরবর্তীতে দিল্লির একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিয়ে নেশামুক্তির লড়াই শুরু করেন তিনি। এরপর ওই যুবক দাবি করেন, বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করছেন।
পাশাপাশি তরুণদের উদ্দেশে তাঁর বার্তা, নেশার সাময়িক আনন্দের আড়ালে লুকিয়ে থাকে নিজের এবং পরিবারের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি। মাদক থেকে দূরে থেকে জীবনের প্রকৃত আনন্দ খুঁজে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে পরিবার এবং সমাজের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।


