Gyanesh Kumar
Gyanesh Kumar

এসআইআর বিতর্কের মাঝেই জ্ঞানেশ কুমারকে এবার আরও বড় দায়িত্ব!

Bengal Liberty : ডিলিমিটেশন বিল নিয়ে রাজনৈতিক বিতর্কের মাঝে, বিরোধী দলের প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে ফের বিরোধীদের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের নাম। এবার ভারতের নির্বাচনী মানচিত্র পুনর্গঠনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ডিলিমিটেশন (দ্বিতীয়) বিল, ২০২৬ অনুযায়ী, ভারতের নির্বাচনী মানচিত্র নতুন করে সাজানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন জ্ঞানেশ কুমার।

ডিলিমিটেশন প্রক্রিয়া পরিচালনার জন্য যে কমিশন গঠিত হবে, পদাধিকারবলে সেই কমিশনের সদস্য হবেন মুখ্য নির্বাচন কমিশনার অথবা তাঁর মনোনীত কোনও নির্বাচন কমিশনার। পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচন কমিশনারও এই কমিটিতে থাকবেন। অর্থাৎ নির্বাচন কমিশন প্রধান সীমানা নির্ধারণ কমিশনের পদাধিকারবলে সদস্য হবেন, যদি না তিনি তাঁর জায়গায় অন্য কোনও নির্বাচন কমিশনারকে মনোনীত করেন থাকেন। সারাদেশে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের দায়িত্ব এই কমিশনের উপরই থাকবে।

এদিকে এই নিয়েই বিরোধী দলের তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধী শিবির থেকে বারবারই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিজেপিকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠছে। ইতিমধ্যেই জ্ঞানেশ কুমারকে দু’বার অপসারণের চেষ্টাও করেছিল বিরোধী দলগুলো। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বরং এবার ডিলিমিটেশন বিল সংসদে পাশ হলে সেই জ্ঞানেশই পেতে চলেছেন বড় দায়িত্ব। এটি বিরোধীদের মুখে একপ্রকার ঝামা ঘষা বলা যেতে পারে।

শনিবার লোকসভায় বিরোধীদল নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, “নির্বাচন কমিশন ‘ইতিমধ্যেই দখল হয়ে গিয়েছে’। আর এবার ডিলিমিটেশনও দখল নেবেন জ্ঞানেশ কুমার।” এক কথায়, ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত সাম্প্রতিক বিতর্কের পর, এই নতুন বিলের মাধ্যমে ভারতের নির্বাচনী মানচিত্র পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় তাঁর সম্ভাব্য ভূমিকার কারণেই তিনি ফের বিরোধী দলগুলোর তীব্র সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।