Sumit Roy
Sumit Roy

চার মামলায় গ্রেফতারির আশঙ্কা, হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সুমিত

Bengal Liberty : কলকাতা হাই কোর্ট আগেই তাঁর আবেদন খারিজ করে দিয়েছিল। এ বার চার মামলায় রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। তাঁর বক্তব্য, একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বাকি মামলাগুলিতে তদন্ত প্রক্রিয়া স্থগিত করে রক্ষাকবচ দিক আদালত। না হলে কঠোর পদক্ষেপ করতে পারে পুলিশ। তৃণমূল সাংসদের আপ্তসহায়কের মামলাটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানির সম্ভাবনা।

গত সেপ্টেম্বর মাসে পশ্চিম মেদিনীপুরের জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে সুমিতকে গ্রেফতার করে সিআইডি। তাঁর বিরুদ্ধে সরকারি জমির চরিত্র বদল করে বিক্রির অভিযোগ ওঠে। শালবনি থানার ওই মামলায় এখন জেল হেফাজতে রয়েছেন সুমিত। এ ছাড়া শালবনি, গড়বেতা, কালীতলা, ডায়মন্ড হারবার থানাতেও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এ বার ওই মামলাগুলি থেকে রক্ষাকবচ চান সুমিত। হাই কোর্ট আগেই সুমিতের আবেদন নাকচ করে দিয়েছে। গত ১৯ নভেম্বর বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, কোনও অভিযুক্তই সব মামলায় একসঙ্গে সুরক্ষা চাইতে পারেন না। গ্রেফতারের আশঙ্কা থাকলে আগাম জামিনের মতো আইনের অন্য পথ খোলা রয়েছে। সুমিত চাইলে আগাম জামিন নিতে পারেন।

সুমিতের আবেদন খারিজ নিয়ে বিচারপতি ভট্টাচার্য জানিয়েছিলেন, কোনও ফৌজদারি মামলার তদন্ত যখন চলছে, তখন আদালতের সামনে সব তথ্য ও প্রমাণ নাও থাকতে পারে। তাই তদন্তের মাঝপথে হস্তক্ষেপের বিষয়ে আদালত সতর্ক থাকতে চায়। তা ছাড়া কোনও ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি বা কড়া পদক্ষেপ করা যাবে না—এমন নির্দেশ বার বার দেওয়া যায় না। শেষমেশ হাই কোর্ট সুমিতের হয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি হয়নি।

হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম যান অভিষেকের পিএ। তাঁর বক্তব্য, ২০২৬ সালের আগে কোনও এফআইআর করা হয়নি। রাজনৈতিক উদ্দেশে ওই এফআইআরগুলি করা হয়েছে। যদিও অভিযোগকারীদের বক্তব্য, সুমিত অত্যন্ত প্রভাবশালী। তাঁর বিরুদ্ধে ঘটনাটিগুলি সব আগেকার। সেই সময় পুলিশ অভিযোগ গ্রহণ করত না। রাজ্যে ক্ষমতাবদলের পরে পরিস্থিতির বদল হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।