Bengal Liberty : রাজ্যের এসআইআর মামলায় পুলিশের নথি যাচাই সংক্রান্ত বিষয়ে আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। তৃণমূলের আবেদন এখনই শুনতে নারাজ শীর্ষ আদালত। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, ওই বিষয়ে এখনই কোনও হস্তক্ষেপ নয়। মামলাকারী চাইলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন।
এ দিন রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নতুন অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। অভিযোগ, ট্রাইবুনালে বিবেচনাধীনদের বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে পুলিশ। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ এবং প্রশান্ত ভূষণ জানান, এসআইআরের ট্রাইবুনালে বিচারাধীনদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে বলছেন পুলিশকর্মীরা। এর জন্য রবিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
আইনজীবীদের বক্তব্য, নির্বাচন কমিশনের কোনও ভূমিকা ছাড়াই রাজ্য সরকার নিজের উদ্যোগে পুলিশকে দিয়ে এই কাজ করাচ্ছে। বিষয়টি যথেষ্ট গুরুতর। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল চলছে। সেখানের কোনও বিষয়ে পুলিশের ঢোকা উচিত নয়। সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে দ্রুত শুনানি করতে রাজি হয়নি। প্রধান বিচারপতির বেঞ্চের পরামর্শ, এই বিষয়ে অভিযোগ প্রথমে হাই কোর্টে তোলা যেতে পারে।


