Bengal Liberty : জনস্বাস্থ্যকে বাণিজ্যিক স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে প্যাকেটজাত খাবারের পুষ্টিগুণ সংক্রান্ত সতর্কবার্তা আরও স্পষ্ট করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। চিনি, নুন কিংবা স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা নির্ধারিত সীমার বেশি থাকলে প্যাকেটের সামনের দিকে পৃথক লাল সতর্কবার্তা দিতে হবে।
প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, নুন ও চর্বির উপস্থিতি সম্পর্কে ক্রেতাদের আরও সচেতন করতে বড় পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রস্তাবিত নিয়মে আরও কড়াকড়ির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, নির্ধারিত মাত্রার বেশি চিনি, নুন কিংবা স্যাচুরেটেড ফ্যাট থাকলে প্রতিটি উপাদানের জন্য আলাদা সতর্কবার্তা দিতে হবে। একসঙ্গে সব উপাদানের উল্লেখ করে একটি সাধারণ সতর্কবার্তা দেওয়ার প্রস্তাবের পরিবর্তে ব্যবহার করতে হবে পৃথক লাল ষড়ভুজ চিহ্ন।
আদালতের নির্দেশ অনুযায়ী, খাবারে অতিরিক্ত চিনি থাকলে প্যাকেটের সামনে ‘হাই সুগার’, নুন বেশি থাকলে ‘হাই সল্ট’ এবং স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি হলে ‘হাই ফ্যাট’ লেখা সতর্কবার্তা দিতে হবে। সাদা পটভূমির উপর লাল ষড়ভুজের মধ্যে এই বার্তাগুলি রাখতে হবে। প্যাকেটের সামনের দিকে উপরের বাম অংশে এমনভাবে চিহ্নগুলি বসাতে হবে, যাতে সহজেই ক্রেতাদের নজরে আসে। পাশাপাশি সতর্কবার্তার অক্ষরের আকার প্যাকেটের পিছনে থাকা পুষ্টিগুণের তালিকার অক্ষরের তুলনায় অন্তত এক পয়েন্ট বড় রাখতে হবে।
আরও খবর
নিয়ম কার্যকর করতে দীর্ঘসূত্রিতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে আদালত। ২০২২ সাল থেকে এই প্রক্রিয়া চললেও এখনও চূড়ান্ত নিয়ম কার্যকর না হওয়ায় প্রশ্ন তুলেছে বেঞ্চ। খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে স্বেচ্ছায় নিয়ম মেনে চলার জন্য ৩৬৫ দিন সময় দেওয়ার প্রস্তাব নিয়েও আপত্তি জানিয়েছে আদালত। বেঞ্চের বক্তব্য, জনস্বাস্থ্যের প্রশ্নে বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া যায় না।
প্যাকেটজাত খাবারের পুষ্টিগুণ সংক্রান্ত সতর্কবার্তা আরও স্পষ্ট করার দাবিতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ। দেশে স্থূলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, মিষ্টি পানীয় এবং প্যাকেটজাত খাবারের প্রতি আকর্ষণ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত জীবন ও স্বাস্থ্যের অধিকারের বিষয়টিও। শিশুদের অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন ও বিপণনের প্রভাব থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে বেঞ্চ।


