শনিবারই দীপথমে দীপম জ্বালান: বিতর্কের মাঝে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ
শনিবারই দীপথমে দীপম জ্বালান: বিতর্কের মাঝে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ

শনিবারই দীপথমে দীপম জ্বালান: বিতর্কের মাঝে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ

Bengal Liberty : মন্দিরের প্রদীপ নিয়ে তামিলনাড়ু সরকার আর মন্দির কর্তৃপক্ষের টালবাহানায় এবার কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অমান্য করার পরিণতি কী হতে পারে, তামিলনাড়ুর দীপম বিতর্কে এবার তা বুঝিয়ে দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, শনিবারই মাদুরাইয়ের তিরুপারঙ্কুন্দ্রম পাহাড়ের দীপথুন স্তম্ভে প্রদীপ জ্বালাতে হবে। একইসঙ্গে মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালত সাফ জানিয়েছে, বিচারবিভাগের নির্দেশ মানতেই হবে। কোনওভাবেই তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য, কার্তিগাই দীপম উপলক্ষে তিরুপারঙ্কুন্দ্রম মন্দিরে কোথায় প্রদীপ জ্বলবে, তা নিয়েই বিতর্ক একেবারে তুঙ্গে। ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট পাহাড়ের ওপরের প্রাচীন দীপথুন স্তম্ভে প্রদীপ জ্বালানোর অনুমতি দেয়। কিন্তু ২৪ নভেম্বর উৎসবের দিন সেই নির্দেশ কার্যকর হয়নি। পাহাড়ের মাথায় প্রাচীন পাথরের স্তম্ভের বদলে প্রচলিত উচিপিল্লাইয়ার মণ্ডপেই প্রদীপ জ্বালানো হয়। এরপরই আদালত অবমাননার গুরুতর অভিযোগ ওঠে। এদিন সেই মামলার শুনানিতে আদালত জানায়, তার নির্দেশের বাধ্যবাধকতা রয়েছে। মাদুরাইয়ের জেলাশাসকের ভূমিকা নিয়েও আগেই ক্ষোভ প্রকাশ করেছিল আদালত। এবার ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে পদক্ষেপ করল শীর্ষ আদালত।

জানা গেছে, এই ঘটনায় মুখ্যসচিব, ডিজিপি-সহ মোট ১৫ জনকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। তালিকায় আছেন হিন্দু ধর্মীয় ও দাতব্য দফতরের সচিব, কমিশনার, মাদুরাইয়ের জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং মন্দির কর্তৃপক্ষের লোকজনও।
এর আগে বুধবার রাজ্য সরকার আদালতের কাছে ক্ষমা চেয়েছিল। প্রদীপ না জ্বালানোর দায় মন্দির কর্তৃপক্ষের ঘাড়ে চাপিয়েছিল বিজয় সরকার। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বরং এবার শনিবারই প্রদীপ জ্বালানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।