ED Raid
Bengal Liberty : চিটফান্ড ও ভুয়ো বিনিয়োগ সংক্রান্ত তদন্তে বৃহস্পতিবার সকালেই নদিয়ার কালীনারায়ণপুরে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raid)। পাঁচজন ইডি আধিকারিক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে অংশ নেন। তাঁদের নিশানায় ছিল অভিযুক্ত ব্যবসায়ী শুভ্র কান্তি নাগের বাড়ি ও তাঁর সঙ্গে যুক্ত বিভিন্ন সম্পত্তি। যদিও তল্লাশির সময় বাড়িটি ফাঁকাই ছিল। জানা গিয়েছে, প্রায় দেড় বছর ধরেই পলাতক শুভ্র (ED Raid)।

কোটি টাকার লগ্নি প্রতারণার অভিযোগ (ED Raid)
স্থানীয় সূত্রের দাবি, কালীনারায়ণপুরে শুভ্র কান্তি নাগের দুটি বাড়ি এবং স্টেশন সংলগ্ন এলাকায় একটি অফিস রয়েছে। অভিযোগ, ‘প্রফিট অ্যাক্সিস’-সহ একাধিক সংস্থার নামে শেয়ার বাজারে মোটা মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। পরে ওই সংস্থাগুলির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ ওঠে। এর আগেই প্রশাসনের পক্ষ থেকে ‘প্রফিট অ্যাক্সিস’-এর অফিস সিল করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারের অভিযানে ফাঁকা বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যের খোঁজ করেন ইডি আধিকারিকরা। তদন্তকারী সংস্থার সূত্রে ইঙ্গিত, এই অভিযানে প্রতারণা চক্রের আর্থিক লেনদেন এবং আরও কয়েকজনের যোগসূত্র সম্পর্কে নতুন তথ্য সামনে আসতে পারে। ইডির হানাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই কালীনারায়ণপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


