Abhishek Banerjee
Bengal Liberty
ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) আবারও আইনি জটিলতায়। তাঁর একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সল্টলেক সাইবার ক্রাইম থানায় নতুন করে FIR দায়ের করা হয়েছে। অভিযোগকারী রাজীব সরকারের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য হিংসা ও প্রতিহিংসাকে উসকে দেওয়ার শামিল। এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ৮টি ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।

ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে চাপ আরও বাড়ল(Abhishek Banerjee)
সম্প্রতি আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচতলা কার্যালয়টি বেআইনিভাবে নির্মিত হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের উদ্যোগে বুলডোজার দিয়ে ওই নির্মাণ ভেঙে ফেলা হয়। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বেঁচে থাকলে ৩১-এ সুদে-আসলে ফেরত দেব।” এই বক্তব্যকে ঘিরেই নতুন বিতর্কের সূত্রপাত হয়।

অভিযোগকারী রাজীব সরকার জানান(Abhishek Banerjee)
এই বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত দেয় এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির পক্ষে উদ্বেগজনক। অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগের বিতর্কিত ‘ডিজে’-সংক্রান্ত মন্তব্যের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তৃণমূল নেতা মদন মিত্রের লাইভ ভিডিওতে করা কিছু বক্তব্যের কথা অভিযোগে উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কয়লা পাচার, গরু পাচার ও নিয়োগ দুর্নীতিসহ একাধিক বিতর্কে উঠে এসেছে। বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে তাঁকে। যদিও প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং এগুলোকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেছেন।

তবে নতুন এই FIR-এর জেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আইনি ও রাজনৈতিক চাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। একের পর এক বিতর্ক, দুর্নীতির অভিযোগ এবং উসকানিমূলক বক্তব্যের কারণে তাঁর ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। অন্যদিকে শাসকদলের (তৃণমূল) দাবি, বিরোধী পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এসব অভিযোগ সামনে আনছে।

