NTA Exam
Bengal Liberty
ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও সুরক্ষিত করতে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে কেন্দ্র সরকার (NTA Exam)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে গঠিত এই কমিটির নেতৃত্বে রয়েছেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। প্রশ্নফাঁস রোধ, প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র অধীনে পরিচালিত পরীক্ষাগুলির কাঠামোগত সংস্কারের রূপরেখা তৈরি করাই এই কমিটির মূল লক্ষ্য। প্রযুক্তি, শিক্ষা, প্রশাসন, মহাকাশ গবেষণা এবং নিরাপত্তা ক্ষেত্রের শীর্ষ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই টাস্কফোর্স সরকারকে একটি বিস্তারিত সুপারিশপত্র জমা দেবে।

কারা রয়েছেন এই টাস্কফোর্সে? NTA Exam

নন্দন নিলেকানি (চেয়ারম্যান):
ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। আধার ও জিএসটি-র মতো বৃহৎ প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তুলতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইআইটি বোম্বে থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর তিনি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মজীবন শুরু করেন।

অমৃত লাল মীনা (লজিস্টিকস বিশেষজ্ঞ):
বিহার ক্যাডারের ১৯৮৯ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা অমৃত লাল মীনা। তিনি বিহারের মুখ্য সচিব, কয়লা মন্ত্রকের সচিব এবং শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রিধারী মীনা এই কমিটিতে লজিস্টিকস সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবেন।

অনিতা কারওয়াল:
গুজরাট ক্যাডারের ১৯৮৮ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা অনিতা কারওয়াল দেশের স্কুল শিক্ষা সচিব এবং সিবিএসই (CBSE) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় শিক্ষানীতি ২০২০ প্রণয়নে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। বর্তমানে তিনি গুজরাট রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির (G-RERA) চেয়ারম্যান।
এস. সোমনাথ:
ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস. সোমনাথের নেতৃত্বেই চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। তাঁর আমলে এসএসএলভি চালু হয় এবং এলভিএম৩ রকেটের সক্ষমতা আরও বৃদ্ধি পায়। মহাকাশ প্রযুক্তি ও প্রকৌশলে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এই কমিটির গুরুত্বপূর্ণ সম্পদ।
ড. ভি. কামাকোটি:
আইআইটি মাদ্রাজের অধিকর্তা ড. ভি. কামাকোটি কম্পিউটার আর্কিটেকচার, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র বিশেষজ্ঞ। তাঁর নেতৃত্বে ভারতের প্রথম দেশীয় মাইক্রোপ্রসেসর ‘শক্তি’ তৈরি হয়েছিল। প্রযুক্তিনির্ভর নিরাপদ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তাঁর অভিজ্ঞতা বিশেষভাবে কাজে লাগবে।
তপন কুমার ডেকা:
হিমাচল প্রদেশ ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস কর্মকর্তা তপন কুমার ডেকা ইন্টেলিজেন্স ব্যুরোর (IB) প্রাক্তন প্রধান। গোয়েন্দা তথ্য সংগ্রহ, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ এবং সন্ত্রাসবাদ দমনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উচ্চপর্যায়ের টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে দেশের পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পথ প্রশস্ত হবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার।

