Bengal Liberty
IIT কানপুরের ওয়েবসাইট হ্যাক করে “All I Need Is Just a Fair Chance” বার্তা লিখে চাঞ্চল্য সৃষ্টি করেছেন এক ছাত্র (IIT Kanpur)। অভিযোগ, তিনি IIT কানপুরের বি.টেক সাইবার সিকিউরিটি কোর্সে ভর্তি হতে না পেরে নিজের প্রযুক্তিগত দক্ষতা দেখাতেই এই পদক্ষেপ নেন। তবে তাঁর বিরুদ্ধে FIR দায়ের না করে তাঁকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে IIT কানপুর।

ঘটনার পর X (টুইটার) ও Reddit-এ স্ক্রিনশট পোস্ট করে ওই ছাত্র দাবি করেন, তিনি কোনও তথ্য নষ্ট করেননি বা আর্থিক ক্ষতির উদ্দেশ্যে হ্যাক করেননি। তাঁর লক্ষ্য ছিল শুধুমাত্র নিজের সাইবার নিরাপত্তা সংক্রান্ত দক্ষতার প্রমাণ দেওয়া।

ডিরেক্টরের মতামত IIT Kanpur
IIT কানপুরের ডিরেক্টর মনীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী ওই ছাত্রকে ভর্তি করানো সম্ভব নয়। তবে তাঁর দক্ষতার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানের C3iHub সাইবার সিকিউরিটি সেন্টারে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আগামী বছর পুনরায় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

যদিও ডিরেক্টর স্পষ্ট জানিয়েছেন, কোনও প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা কম্পিউটার সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করে সুযোগ আদায়ের চেষ্টা কখনও গ্রহণযোগ্য নয়। প্রথমে FIR করার কথা ভাবা হলেও শেষ পর্যন্ত প্রতিভাকে সঠিক পথে কাজে লাগানোর লক্ষ্যেই বিকল্প সিদ্ধান্তের পথে হাঁটছে প্রতিষ্ঠান। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। একাংশের মতে, এই হ্যাক ছাত্রটির অসাধারণ প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ এবং এমন প্রতিভাকে উৎসাহ দেওয়া উচিত।

অন্যদিকে অনেকের মত, ব্যক্তিগত হতাশা বা ক্ষোভের কারণে কোনও প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা ভাঙা আইন ও নৈতিকতার পরিপন্থী, তাই এমন কাজকে কোনওভাবেই সমর্থন করা যায় না।


