Bengal Liberty
ভারত-ভুটান সম্পর্ক আরও জোরদার করতে বড় পদক্ষেপ নেওয়া হল। দুই দেশের উন্নয়ন সহযোগিতা পর্যালোচনা বৈঠকে ভুটানের জন্য ৩৩২ কোটি টাকার ১২টি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে (India Bhutan Relation)। পাশাপাশি জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ভুটান ও ভারতের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্কের মধ্যে ৪,০০০ কোটি টাকার ঋণচুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

দুই দিনের থিম্পু সফরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুঙ্গিয়েলের সঙ্গে বৈঠক করেন। সফরকালে অনুষ্ঠিত পঞ্চম ভারত-ভুটান উন্নয়ন সহযোগিতা বৈঠকে দুই দেশ উন্নয়ন অংশীদারিত্ব, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জনগণের মধ্যে সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করে।

ভারত-ভুটান সম্পর্কের নতুন অধ্যায়
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভুটানের ত্রয়োদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৪-২০২৯)-এর জন্য ভারতের ঘোষিত ১০,০০০ কোটি টাকার সহায়তার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। নতুন অনুমোদিত ১২টি প্রকল্পের আওতায় পরিকাঠামো, স্বাস্থ্য, কৃষি, নগর উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে।
আরও খবর

এছাড়াও, ভারতের অর্থায়নে নির্মিত থিম্পু ইকোলজিক্যাল পার্ক ও ওলাখা পার্কের ভার্চুয়াল উদ্বোধন করেন দুই দেশের পররাষ্ট্রসচিব। স্বাস্থ্য শিক্ষায় সহযোগিতা বাড়াতে এইমস এবং ভুটানের খেসার গিয়ালপো ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেসের মধ্যে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে ভুটান সরকারের হাতে ৪৫টি বৈদ্যুতিক গাড়িও তুলে দিয়েছে ভারত।


