সোনিয়ার পৈতৃক ভিটে জাদুঘর হিসেবে সংরক্ষিত, গান্ধি পরিবারকে ইতালিতে আসার আমন্ত্রণ বাড়ির মালিকের
সোনিয়ার পৈতৃক ভিটে জাদুঘর হিসেবে সংরক্ষিত, গান্ধি পরিবারকে ইতালিতে আসার আমন্ত্রণ বাড়ির মালিকের

সোনিয়ার পৈতৃক ভিটে জাদুঘর হিসেবে সংরক্ষিত, গান্ধি পরিবারকে ইতালিতে আসার আমন্ত্রণ বাড়ির মালিকের

Bengal Liberty : ভারতের প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির স্মৃতিবিজড়িত ইতালির পৈতৃক বাড়ি এবার জাদুঘর হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতালির ভিসেনজা প্রদেশের লুসিয়ানা গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক বাড়িটির বর্তমান মালিক ভারতীয় বংশোদ্ভূত শিখ ব্যবসায়ী সুখদেব সিং কাং। ইতিমধ্যেই বাড়িটির পুরনো ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে সেটিকে সোনিয়া গান্ধির জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের স্মারক হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছেন তিনি। পাশাপাশি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধিকে ইতালিতে এসে বাড়িটি ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

১৯৪৬ সালের ৯ ডিসেম্বর ইতালির এই বাড়িতেই জন্মগ্রহণ করেন সোনিয়া গান্ধি। তাঁর শৈশবের একটি গুরুত্বপূর্ণ সময় কেটেছে এই বাড়িতে। পরবর্তীকালে রাজীব গান্ধির সঙ্গে বিবাহসূত্রে ভারতে আসেন তিনি। ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হয়ে ওঠার পাশাপাশি দীর্ঘদিন কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। তাঁর এই দীর্ঘ জীবনযাত্রার স্মৃতি সংরক্ষণ করতেই বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে বাড়িটি কিনেছিলেন সুখদেব সিং কাং।

পঞ্জাবের হোশিয়ারপুর জেলার বাসিন্দা কাং ১৯৯২ সালে ইতালিতে পাড়ি দেন। প্রথম জীবনে কৃষিকাজ, দুগ্ধখামার এবং কারখানায় কাজ করলেও পরবর্তীকালে ব্যবসায় প্রতিষ্ঠিত হন। বর্তমানে তিনি ইতালির ব্রেসিয়া শহরে বসবাস করেন। স্ত্রী ও মেয়ের নামে কেনা বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করেই সেটি সংরক্ষণের সিদ্ধান্ত নেন। তিনতলা বাড়িটিতে মোট ছয়টি ঘর রয়েছে। বাড়ির বাইরে ভারতের জাতীয় পতাকার রঙে লেখা রয়েছে ‘ইন্ডিয়া হাউস’। সেখানে সোনিয়া গান্ধির জন্মতারিখও উল্লেখ করা হয়েছে। বাড়িটির পুরনো কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রয়োজনীয় সংস্কার করা হলেও ঐতিহাসিক বৈশিষ্ট্য নষ্ট হতে দেওয়া হয়নি। সুখদেব জানিয়েছেন, বাড়িটি ভাড়া দেওয়ার কিংবা অন্য কোনও বাণিজ্যিক কাজে ব্যবহারের প্রস্তাব এলেও তাঁরা তা গ্রহণ করেননি। এমনকি সেখানে গুরুদ্বার নির্মাণের প্রস্তাবও ফিরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের একমাত্র উদ্দেশ্য সোনিয়া গান্ধির শৈশব এবং তাঁর পরিবারের স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা। জাদুঘরে সোনিয়ার ছোটবেলার ছবি, পারিবারিক নথি, পুরনো আসবাবপত্র এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

তবে প্রয়োজনীয় বহু স্মারক এখনও সংগ্রহ করা সম্ভব হয়নি। সেই কারণেই গান্ধি পরিবারের সহযোগিতা চেয়েছেন বর্তমান মালিক। তাঁর আশা, রাহুল ও প্রিয়াঙ্কা তাঁদের মায়ের শৈশবের স্মৃতিবিজড়িত কিছু সামগ্রী জাদুঘরের জন্য প্রদান করবেন। ইতিমধ্যেই ভারত থেকে বহু পর্যটক বাড়িটি দেখতে যাচ্ছেন।

বিশেষ করে কেরল থেকে আসা পর্যটকদের আগ্রহ উল্লেখযোগ্য। আগে বাড়িটি তালাবন্ধ থাকলেও এখন একজন মহিলা রক্ষণাবেক্ষণকারীর মাধ্যমে দর্শনার্থীদের প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর সোনিয়া গান্ধির জন্মদিনও সেখানে উদ্যাপন করা হয়। সুখদেবের বক্তব্য, সোনিয়া গান্ধি যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, সেই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়া তাঁদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। গান্ধি পরিবার চাইলে যে কোনও সময় সেখানে আসতে পারে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।