Bengal Liberty
কেরলের ভয়াবহ বন্যা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি (Kerala Flood)। সোমবার সকালে বৃষ্টি কম থাকলেও রাতভর প্রবল বর্ষণে কোট্টায়াম জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে মীনাচিল নদীর নিম্ন অববাহিকা এবং আপার কুট্টানাডের নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। এলাকা জুড়ে জলমগ্ন হওয়ায় বাসিন্দাদের ত্রাণশিবিরে আশ্রয় নিতে হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কোট্টায়াম, ভাইকম ও চাঙ্গানাসেরি তালুক এলাকা। নদীর জল উপচে পড়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ২০১৮ সালের ভয়াবহ বন্যার তুলনায় এবারের জলস্তর আরও বেশি। তিরুভারপ্পু পঞ্চায়েত প্রায় সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে। এছাড়া আয়ামানাম এবং কুমারাকম পঞ্চায়েতের বিস্তীর্ণ অংশও প্লাবিত হয়েছে।

মানারকাড, বিজয়াপুরম, উদয়নাপুরম, ভেচুর পঞ্চায়েত এবং ভাইকম পুরসভার একাধিক এলাকাও বন্যার জলে ডুবে রয়েছে। তিরুভারপ্পু পঞ্চায়েতের চেঙ্গালাম, কিলিরুর, কুম্মানাম, কানজিরাম ও মালারিক্কাল এলাকা থেকে বহু বাসিন্দাকে ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। থামারাসেরি কলোনির বহু বাড়িতে জল ঢুকেছে। পাশাপাশি, কুমারাকমের করিমাদাম এলাকা সম্পূর্ণ জলমগ্ন।
আরও খবর
ব্যাহত যোগাযোগ ব্যবস্থা Kerala Flood
নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় কোট্টায়াম-কুমারাকম সড়কের ইলিক্কাল, আমপাকুঝি, চেঙ্গালাম এবং মুন্নুমুলা-সহ একাধিক এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। বাস চলাচল চালু থাকলেও ছোট গাড়ির চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে। মীনাচিল, মুভাট্টুপুঝা, কোডুর এবং মানিমালা নদী এখনও ভয়াবহ স্রোতে বইছে। একাধিক জায়গায় নদীর বাঁধ ভেঙে শত শত বাড়ি এবং বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে। গ্রামীণ এলাকার বহু রাস্তা জলের তলায় চলে গেছে। একাধিক গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি Kerala Flood
বিশেষজ্ঞদের মতে, শুক্রবার রাত এবং শনিবার ভোরে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছিল। এলাকা জুড়ে গড়ে প্রায় ২০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ১৭ থেকে ৩১ সেন্টিমিটার।

নদীর জলস্তর ২০১৮ সালের বন্যাকেও হার মানিয়েছে। এরাট্টুপেট্টা এবং পালা শহরে নজিরবিহীন বন্যা দিয়েছে। রবিবার রাতে বৃষ্টির ফলে নদীতে জল বেড়ে আরও দুরাবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে কোট্টায়াম জেলায় ১১৪টি ত্রাণশিবিরে মোট ৩,৭১৪ জন সর্বহারা মানুষ আশ্রয় নিয়েছেন। তবে বিশেষজ্ঞরা মনে করেছেন, বৃষ্টি না কমলে আগামীদিনে পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভবনা রয়েছে।


