Bengal Liberty
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা AB-PMJAY-এ নিয়ম ভাঙা হাসপাতালগুলির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র (Ayushman Bharat)। প্রকল্পের নিয়ম লঙ্ঘনের অভিযোগে এখনও পর্যন্ত ২,৩৫৯টি হাসপাতালকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ১,২০০টি হাসপাতালকে সাসপেন্ড করা হয়েছে। ৭ অগস্ট লোকসভায় লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অনিয়মের অভিযোগে অভিযুক্ত হাসপাতালগুলির বিরুদ্ধে মোট ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দায়ের হয়েছে ২৯টি FIR। সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পে প্রতারণা, অনুমোদনহীন বিলিং এবং অন্যান্য অনিয়ম রুখতেই এই কড়া পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র।

AI-ML প্রযুক্তিতে নজরদারি Ayushman Bharat
আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রতারণা শনাক্ত করতে Artificial Intelligence এবং Machine Learning প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে National Health Authority । National Anti-Fraud Unit-এর মাধ্যমে সন্দেহজনক ক্লেম শনাক্ত করতে একাধিক স্বয়ংক্রিয় ‘ট্রিগার’ ব্যবহার করা হচ্ছে।
আরও খবর

একই চিকিৎসার জন্য একাধিক ক্লেম, উপভোক্তার পরিচয়ের অপব্যবহার, সন্দেহজনক বিলিং এবং অপ্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি ব্যবহারের মতো বিষয়গুলি নজরে রাখা হচ্ছে। কেন্দ্রের দাবি, ক্লেম জমা পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই অস্বাভাবিকতা শনাক্ত করা সম্ভব। ফলে হাসপাতালকে অর্থ দেওয়ার আগেই সন্দেহজনক ক্লেম যাচাই করা যায়। সরকারী হিসাব অনুযায়ী, এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে ৩১ জুলাই পর্যন্ত ৬৭৬.১৪ কোটি টাকার সম্ভাব্য আর্থিক ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে ।
FY26-এ ২.৭৪ কোটি হাসপাতালে ভর্তির অনুমোদন
একদিকে অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, অন্যদিকে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিধি বৃদ্ধি। ২০২৫-২৬ অর্থবর্ষে ৩.৭৫ কোটি নতুন আয়ুষ্মান কার্ড তৈরি হয়েছে। একই সময়ে প্রকল্পের আওতায় ২.৭৪ কোটি হাসপাতালে ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে। এই সময়ে রাজ্য স্বাস্থ্য সংস্থাগুলিকে প্রকল্পের খরচ মেটাতে কেন্দ্রের তরফে ৮,৪৩৮.২৭ কোটি টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশে সর্বাধিক ৩০.৬ লক্ষ হাসপাতালে ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রের কাছ থেকে রাজ্যটি পেয়েছে ১,০৪৭.৫৩ কোটি টাকা।
বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন চিকিৎসা
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন চিকিৎসা পরিষেবা পেয়ে থাকে। প্রকল্পে বর্তমানে ১,৯০০-র বেশি চিকিৎসা পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে। প্রয়োজনে রাজ্যগুলি নিজেদের উপভোক্তাদের জন্য অতিরিক্ত চিকিৎসা পদ্ধতিও যুক্ত করতে পারে। ৮ অগস্ট National Health Authority-র পোর্টালে, PM-JAY-এর আওতায় মোট ৩৮,৪৩৭টি হাসপাতাল তালিকাভুক্ত ছিল। এর মধ্যে ২০,৩৬৩টি সরকারি এবং ১৮,০৭৪টি বেসরকারি হাসপাতাল।
তবে কোনও হাসপাতালে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে নগদবিহীন চিকিৎসা নেওয়ার আগে সংশ্লিষ্ট হাসপাতালটির বর্তমান empanelment status যাচাই করা জরুরি। কারণ তালিকা থেকে বাদ দেওয়া বা সাসপেন্ড হওয়া হাসপাতালগুলিতে সংশ্লিষ্ট সময়ে PM-JAY-এর আওতায় পরিষেবা নাও পাওয়া যেতে পারে।


