Kolkata Municipal Election
Bengal Liberty : কলকাতা পুরভোটকে সামনে রেখে সংগঠন সাজাতে শুরু করে দিল বিজেপি (Kolkata Municipal Election)। ভোটের প্রস্তুতিতে এবার বড় দায়িত্ব দেওয়া হল দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তাঁকেই কলকাতা পুরভোট পরিচালনা কমিটির ইনচার্জ করা হয়েছে। সঙ্গে রাখা হয়েছে রাজ্যের এক মন্ত্রী ও এক বিধায়ককে। ফলে কলকাতা পুরভোটকে বিজেপি যে বিশেষ গুরুত্ব দিচ্ছে, তা স্পষ্ট (Kolkata Municipal Election)।

কলকাতার দায়িত্ব সুকান্তের কাঁধে (Kolkata Municipal Election)
মঙ্গলবার বিধাননগরে বিজেপির রাজ্য দফতরে উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক পর্যবেক্ষক সুনীল বনসল। ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতা পুর এলাকার বিজেপি বিধায়করাও বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই কলকাতা পুরভোট পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটির ইনচার্জ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। কো-ইনচার্জ রাজ্য বিজেপির সহ-সভাপতি অনিন্দ্য (রাজু) বন্দ্যোপাধ্যায়। আহ্বায়ক মানিকতলার বিধায়ক তথা রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। সহ-আহ্বায়ক কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি।
বিজেপি সূত্রে খবর, পুজোর পরেই কলকাতা পুরভোট হতে পারে। নভেম্বর-ডিসেম্বরের কথা মাথায় রেখেই প্রস্তুতি শুরু করেছে দল। পুরবোর্ডের মেয়াদ পূর্ণ হলে এ বছরের ডিসেম্বর নাগাদ ভোট হওয়ার কথা ছিল। তবে রাজ্যে পালাবদলের পর কলকাতা পুরসভায় নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা দিয়েছেন। তাঁর ইস্তফার পর নতুন মেয়র ঠিক করতে পারেনি তৃণমূল। ফলে পুরসভায় প্রশাসক বসানো হয়েছে। পুর কমিশনার স্মিতা পাণ্ডেই বর্তমানে প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছেন।

হাওড়াতেও কমিটি, দায়িত্বে রাহুল সিংহ (Kolkata Municipal Election)
শুধু কলকাতা নয়, হাওড়া পুরভোট নিয়েও প্রস্তুতি শুরু করেছে বিজেপি। মঙ্গলবারই হাওড়া পুরসভা নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির ইনচার্জ করা হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাহুল সিংহকে। আহ্বায়ক বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিংহ। হাওড়ায় প্রায় আট বছর ধরে কোনও নির্বাচিত পুরবোর্ড নেই। এবার সেখানেও পুরভোটের প্রস্তুতিতে সংগঠনকে সক্রিয় করতে চাইছে বিজেপি। কলকাতা ও হাওড়া-দুই গুরুত্বপূর্ণ পুরসভাতেই ভোটের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে গেরুয়া শিবির। শীর্ষ নেতাদের দায়িত্ব দিয়ে শুরু হল সেই প্রস্তুতির প্রথম ধাপ।


