Bengal Liberty
পুজোর আগেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের (Civic Volunteer)। পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের অধীনে নিয়মিতভাবে দায়িত্ব পালনকারী সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক ভাতা ২ হাজার টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এতদিনের ১০ হাজার টাকার ভাতা বেড়ে এবার থেকে মাসে ১২ হাজার টাকা হবে।

মাসিক সাম্মানিক ১২ হাজার
বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিতভাবে নির্দিষ্ট বিরতিতে দায়িত্ব পালনকারী সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক বৃদ্ধির বিষয়টি বেশ কিছুদিন ধরেই সরকারের বিবেচনাধীন ছিল। বিষয়টি বিবেচনা করার পর রাজ্যপাল মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বৃদ্ধিতে অনুমোদন দিয়েছেন। ফলে ১ তারিখ থেকে নতুন হারে সাম্মানিক কার্যকর হবে। অর্থাৎ আগস্ট মাস থেকেই সিভিক ভলান্টিয়াররা ১২ হাজার টাকা করে মাসিক সাম্মানিক পাওয়ার কথা।
আরও খবর

এই সিদ্ধান্তে রাজ্য ও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের আর্থিক সুবিধা বাড়ল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তাঁদের অন্যান্য পরিষেবার শর্ত ও নিয়ম আগের সরকারি নির্দেশিকা অনুযায়ীই বহাল থাকবে। অর্থ দফতরের সম্মতিতেই এই নতুন নির্দেশ জারি করা হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


