Bengal Liberty : ফেসবুকে ‘হিন্দুত্ববাদী গুন্ডা’ মন্তব্যকে কেন্দ্র করে বিপদ বাড়ল আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের। তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশের কসবা এবং গড়ফা থানায় পৃথক দুটি এফআইআর দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই চলতি সপ্তাহে তাঁকে দুই থানায় তলব করা হয়েছে বলে খবর। তবে এই পদক্ষেপকে ঘিরে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিকাশরঞ্জন। তাঁর বক্তব্য, “আইন মেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে তাতে আপত্তি নেই।” পাশাপাশি, হিন্দুধর্ম এবং বিজেপির হিন্দুত্বের ধারণাকে এক করে দেখার প্রবণতা নিয়ে আলোচনায় বসতেও রাজি তিনি।
দুই থানায় অভিযোগ
গত ৮ অক্টোবর ভোরে প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জনের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এক যুবক তাঁর বাড়ির জানালার কাচ লক্ষ্য করে বিয়ারের বোতল ছোড়েন বলে সিসিটিভিতে ধরা পড়ে । সেই সময় বিকাশকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য তুলে ধরেন বিকাশরঞ্জন। সেখানে হামলার জন্য ‘হিন্দুত্ববাদী গুন্ডা’দের দায়ী করেন তিনি। তাঁর ব্যবহৃত এই শব্দবন্ধ ঘিরেই শুরু হয় বিতর্ক। বিজেপির অভিযোগ, ওই মন্তব্যে হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এই মর্মে দুই ব্যক্তি কলকাতার কসবা ও গড়ফা থানায় তাঁর বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দুটি এফআইআর নথিভুক্ত হয়। এরপরই তাঁকে দুই থানায় ডেকে পাঠানো হয়েছে।

আলোচনায় বসতে চান বিকাশরঞ্জন
থানায় তলবের প্রসঙ্গে বিকাশরঞ্জন জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হলে তিনি তাকে স্বাগত জানাবেন। একই সঙ্গে, বিষয়টি নিয়ে আলোচনায় বসতেও তিনি আগ্রহী। তাঁর বক্তব্য, হিন্দুধর্মের সঙ্গে বিজেপি বা আরএসএসের হিন্দুত্বের ধারণাকে গুলিয়ে ফেলা হচ্ছে। এই বিষয়টি নিয়েই আলোচনার প্রয়োজন বলে মনে করেন তিনি।
আরও খবর
এই ঘটনায় আগেই মুখ খুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হামলার ঘটনায় ধৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছিলেন। একই সঙ্গে তাঁর বক্তব্য ছিল, আইনজীবী হলেও কেউ আইনের ঊর্ধ্বে নন। বিকাশরঞ্জনের বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রেও আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করেছিলেন তিনি। এবার দুই থানার তলবে বিকাশরঞ্জন হাজির হন কি না, সেদিকেই নজর রয়েছে।


