Bengal Liberty : ভোটে কারচুপির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ইন্ডি জোটের সুপ্রিম কোর্ট অভিযান ঘিরে উত্তপ্ত দিল্লি। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক এলাকায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। একই সঙ্গে যাত্রী পরিষেবা নিয়ন্ত্রণে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ছ’টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সপ্তাহের প্রথম দিনেই যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন সাধারণ যাত্রীরা। অন্যদিকে, বিরোধীদের বিক্ষোভ এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের আর্জি ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বন্ধ ছ’টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
বিরোধী জোটের সুপ্রিম কোর্টমুখী পদযাত্রাকে কেন্দ্র করে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্যাটেল চক, জনপথ, রাজীব চক, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং বারাখাম্বা রোড মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ওই স্টেশনগুলিতে মেট্রো বদল বা ইন্টারচেঞ্জের ব্যবস্থা চালু রাখা হয়েছে। অর্থাৎ, সংশ্লিষ্ট স্টেশনগুলিতে যাত্রীরা ট্রেন পরিবর্তন করতে পারবেন। তবে স্টেশনে প্রবেশ বা বাইরে বেরোনোর ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকর থাকবে।
এদিকে, রবিবারই সুপ্রিম কোর্ট দিল্লিতে পুলিশি ব্যারিকেড সরিয়ে পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছিল বলে জানা গিয়েছে। তার পরেও সোমবার একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও খবর
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের আর্জি
ভোটে অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সরব বিরোধী জোট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেওয়ার আর্জি জানিয়েছিল। তবে সূত্রের খবর, সেই আর্জি প্রত্যাখ্যান করেন প্রধান বিচারপতি। ভোটে কারচুপি সংক্রান্ত একাধিক সংবেদনশীল বিষয় বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় বিচারপ্রক্রিয়ার বাইরে গিয়ে এমন বৈঠক করা সম্ভব নয় বলে তিনি জানান।


