Bengal Liberty : ৮৯ লক্ষ টাকা ভুয়ো বিমাকাণ্ডে অভিযুক্ত গোটা পরিবারের দেহ মিলল নালা থেকে। এই কাণ্ডে অন্য অভিযুক্তরা জড়িত কিনা বা এর পিছনে অন্য কোনও মোটিভ রয়েছে কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে। ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাতে। জানা যায়, দুদিন আগে বারদোলি শহরের একটি নালা থেকে নিতীন পাটিল, তার স্ত্রী কবিতা, এক ছেয়ে ও আরেক মেয়ের নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় কোনওরকমে বেঁচে যান তাদের আরেক ছেলে করণ। সে প্রথম পুলিশের কাছে গিয়ে গোটা ঘটনা জানায়।
পুলিশ প্রথমে তদন্তে নিহতদের ভুয়ো বিমাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি সামনে আনে। জানতে পারে, এই ভুয়ো বিমাকাণ্ডের সঙ্গে কবিতার প্রথম পক্ষের স্বামী সঞ্জয় পাটিলও জড়িত রয়েছে। এই ঘটনার সঙ্গে আরো দুই বিমা এজেন্ট, চিকিৎসক ও পুলিশের চার কনস্টেবলও জড়িত। নিতীন ও কবিতা জলগাঁও থেকে সুরাটে এসেছিলেন পরিযায়ী শ্রমিকের কাজ করতে। এই ঘটনায় ধৃত পুলিশের চার জন কনস্টেবল জলগাঁওয়ের জেলে বন্দি। এই সব তথ্য সামনে আসার পর পুলিশের সন্দেহ, ভুয়ো বিমাকাণ্ডের খবর যাতে আর প্রকাশ্যে আসতে না পারে, সেজন্য পরিকল্পিতভাবে নিতীন ও কবিতাকে খুন করা হয়েছে। পুলিশের সন্দেহ, সাক্ষ্য প্রমাণ লোপাটের জন্য খুন করা হতে পারে। আসলে কী ঘটনা ঘটেছে, পুলিশ তা খতিয়ে দেখছে।


