বিজেপির বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু
বিজেপির বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু

বিজেপির বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, মালদার গাজোলে চাঞ্চল্য! খুনের অভিযোগ পরিবারের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদার গাজোল থানার বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সিংহইল গ্রামের বাসিন্দা বিপ্লব মুর্মু। তাঁর বাবা মাঝি মুর্মু এলাকার বিজেপির বুথ সভাপতি হিসেবে পরিচিত। পরিবারের দাবি, গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন বিপ্লব। বাড়িতে খেতে আসার কথা বলেও তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ করলেও কোনও সন্ধান পাননি।

এরপর আজ সকালে বাড়ির কাছেই এক প্রতিবেশীর খামারে বিপ্লবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক মহিলা। তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিপ্লবের পরিজনেরা। সেখানে ছেলের নিথর দেহ দেখতে পেয়ে শোকস্তব্ধ হয়ে পড়েন তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে বিপ্লবের মৃত্যু হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বিপ্লবের বাবা মাঝি মুর্মুর অভিযোগ, রাজনৈতিক শত্রুতা অথবা প্রেমঘটিত বিবাদের জেরে তাঁর ছেলেকে খুন করা হয়ে থাকতে পারে। পরিবারের দাবি, প্রতিবেশী এক তরুণীর সঙ্গে বিপ্লবের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ককে কেন্দ্র করে আগে বিবাদও হয়েছিল বলে অভিযোগ। তবে এই ঘটনার সঙ্গে ওই বিবাদের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

বিপ্লবের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি খুনের ঘটনা, নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। পাশাপাশি, সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখে ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছেন তদন্তকারীরা।

Bengal Liberty