Bengal Liberty : চেয়ারম্যান পদে কে বসবেন, তা নিয়ে জল্পনার মধ্যেই উত্তপ্ত খড়গপুর পুরসভা। অনাস্থা ভোটে চেয়ারম্যান কল্যাণী ঘোষ অপসারিত হওয়ার পর সোমবার নতুন করে বোর্ড গঠনের কথা। আর সেই বোর্ড মিটিংকে কেন্দ্র করেই সকাল থেকে পুরসভা চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। পুরসভার গেটের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। একই সঙ্গে পুরসভার ভিতরেও বিক্ষোভে শামিল হন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে পুরসভার বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
বিজেপি কর্মীদের বিক্ষোভ
বিক্ষোভকারীদের দাবি, কোনওভাবেই তৃণমূলের জেলা সভাপতি তথা কাউন্সিলর প্রদীপ সরকারকে পুরসভার চেয়ারম্যান পদে বসানো যাবে না। তাঁদের অভিযোগ, দুর্নীতিতে অভিযুক্ত কোনও ব্যক্তিকে চেয়ারম্যানের আসনে বসানো চলবে না। এই দাবিকে সামনে রেখেই নতুন বোর্ড গঠনের আগে সরব হয়েছেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর খড়গপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। ওই দিন পুরসভার মোট ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ২৮ জন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে চার জন ভোটদান থেকে বিরত থাকেন। বাকি ২৪ জনই অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর ফলে চেয়ারম্যান কল্যাণী ঘোষকে পদ থেকে সরানোর পথ প্রশস্ত হয়।
আরও খবর
এর পর সোমবার নতুন করে বোর্ড গঠনের বৈঠক হওয়ার কথা। কিন্তু নতুন চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই প্রদীপ সরকারকে চেয়ারম্যান করার সম্ভাবনার বিরোধিতা করে বিজেপি কর্মীদের বিক্ষোভ ঘিরে খড়গপুর পুরসভায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এখন নজর, বোর্ড গঠনের বৈঠক শেষে শেষ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব কার হাতে যায়।


