Bengal liberty: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বাম, তৃণমূল এক সুরে কথা বলছে। দিল্লির বুকে একজোট হলেও রাজ্য রাজনীতিতে এই দুই কী একই মেরুতে? সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেননি বামফ্রণ্ট চেয়ারম্যান বিমান বসু। আর এখান থেকে বিজেপি নেতাদের কটাক্ষ, মুখে বিরোধিতা করলেও এই দুই দলের মধ্যে যে গোপন আঁতাত রয়েছে তা এই সব মন্তব্য থেকেই স্পষ্ট।

সম্প্রতি এক অনুষ্ঠানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে প্রশ্ন করা হয়েছিল, দিল্লির পাশাপাশি রাজ্য রাজনীতিতে কী বাম, তৃণমূল একসঙ্গে আন্দোলনে নামবে বা এক সাথে লড়বে। তাঁর উত্তরে স্পষ্ট ভাবে কিছু না বললেও তিনি জানিয়েছেন, রাজ্যে রাজ্যে ভিন্নতা থাকতেই পারে, ভবিষ্যতে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। গঙ্গা, যমুনা দিয়ে এই সময়ের মধ্যে অনেক জল গড়িয়ে যাবে। বিমানবাবুর এই বক্তব্য থেকেই স্পষ্ট, তৃণমূলের সঙ্গে বামেরা এক জোট হয়ে রাজনীতি করবে না, সে কথা হলফ করে বলা যায় না।
উল্লেখ্য, পুজোর পরই রাজ্যে সাতটি পুরসভার ভোট রয়েছে। সেখানে বাম তৃণমূল কী এক জোট হয়ে ভোটে লড়বে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


