Bengal Liberty : বিশিষ্ট আইনজীবী তথা সিপিএমের প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দিন কয়েক আগে হামলার ঘটনা ঘটেছিল। তাঁর বাড়িতে হামলার পিছনে ‘হিন্দুত্ববাদী’রাই জড়িত। আর সেটা প্রমাণিত ঘটনার পর অন্তত এমনটাই জোরাল দাবি করেছিলেন বিকাশরঞ্জন। শুধু তাই নয়, সমাজমাধ্যমেও এমন অভিযোগ পোস্ট করেছিলেন তিনি। এদিকে, এই ‘হিন্দুত্ববাদী’ শব্দবন্ধ মুছে ফেলতে ডেডলাইন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু মুখ্যমন্ত্রীর দেওয়া ৪৮ ঘণ্টা ডেডলাইন এখন শেষ। তারপরও নিজের পোস্ট মুছলেন না বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাই প্রশ্ন উঠছে, ওই শব্দবন্ধ কি মুছবেন না সিপিএম নেতা? উল্টে এই বিষয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, শব্দটি তিনি প্রত্যাহার করবেন না। উল্টে মুখ্যমন্ত্রীকে এই অধিকার কে দিয়েছেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান সিপিএম নেতা। রবিবার হিন্দুত্ববাদীদের দায়ী করার অর্থ হিন্দু ধর্মের অপমান করা নয় বলেও সংবাদমাধ্যমে বলেছেন বিকাশরঞ্জন।
পোস্ট মুছতে নারাজ বিকাশরঞ্জন! তবে কি কোনও পদক্ষেপ
এদিকে গত বৃহস্পতিবার সকালে বিকাশরঞ্জন ভট্টাচার্যের যাদবপুরের বাড়িতে হামলা করে কয়েকজন দুষ্কৃতী। মুখে কাপড় বাঁধা ছিল। কাচের বোতল, পাথর ছুড়ে বাড়ির জানালা ভাঙা হয় বলে অভিযোগ। এই কাজ হিন্দুত্ববাদী গুন্ডাদের বলে অভিযোগ তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন বিকাশবাবু। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে দু’জন গ্রেপ্তার হয়েছে। তারপর বিকাশবাবুর ‘হিন্দুত্ববাদী’ শব্দ নিয়ে আপত্তি তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকাশ্য জনসভা থেকে কার্যত হুঁশিয়ারির সুরে জানান, ৪৮ ঘণ্টার মধ্যে ওই শব্দটি ফেসবুক থেকে প্রত্যাহার করতে হবে বিকাশরঞ্জনবাবুকে। তবে কি এবার প্রবীণ সিপিএম নেতার বিরুদ্ধে বড় কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে? স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন উঠছে ।


