Tmc Leader
Tmc Leader

তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ইট, লাঠি নিয়ে হামলার অভিযোগ! বাঁ চোখে আঘাত নিয়ে থানায় বিভাস সর্দার

Bengal Liberty : গাড়ির কাচ ভেঙে চৌচির। বাঁ চোখে গুরুতর আঘাত। উত্তপ্ত জয়নগর। বিধায়কের গাড়ি আটকে ইট ও লাঠি দিয়ে হামলার অভিযোগ উঠল। শনিবার জয়নগরে আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। তাঁর পাশাপাশি আহত হয়েছেন নিরাপত্তারক্ষী ও গাড়ির চালকও। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। হামলার পিছনে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিধায়ক। যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, বিধায়কের উসকানিমূলক মন্তব্যে ক্ষুব্ধ হয়েই হামলা চালিয়েছেন সাধারণ মানুষ।

জানা গিয়েছে, প্রতি শনিবারের মতো এদিনও নিজের বিধায়ক কার্যালয়ে গিয়েছিলেন বিভাস সর্দার। কাজ সেরে ফেরার পথে জয়নগর থানার মনসাতলা এলাকায় তাঁর গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। বিধায়ককে গাড়ি থেকে নামতে বলা হয় এবং হুমকিও দেওয়া হয় বলে দাবি। এরপর তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে।

সেখান থেকে কোনওরকমে বেরিয়ে এলেও গৌড়বেড়িয়া হাট এলাকায় ফের তাঁর গাড়ির পথ আটকানো হয় বলে অভিযোগ তৃণমূল বিধায়কের। সেখানে তাঁকে গালিগালাজ করার পাশাপাশি ইট ও লাঠি দিয়ে মারধর করা হয় বলেও দাবি। বিভাস সর্দারের অভিযোগ, কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন এবং কেন এই আসনে জয়ী হয়েছেন, সেই প্রশ্ন তুলে তাঁর উপর হামলা চালানো হয়েছে।

এই ঘটনায় বিধায়কের বাঁ চোখে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষী ও গাড়ির চালকও। খবর পেয়ে ঢোসা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে। পরে জয়নগর থানায় গিয়ে গোটা ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক।

অন্যদিকে, বিধায়কের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বিজেপির দাবি, তাঁর উসকানিমূলক মন্তব্যের জেরেই ক্ষুব্ধ সাধারণ মানুষ এই ঘটনা ঘটিয়েছেন। ফলে হামলার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, অন্যদিকে বিধায়কের মন্তব্যকে দায়ী করে পাল্টা দাবি—দুই পক্ষের অভিযোগে জয়নগরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

Pushpak Bhattacharya
Pushpak Bhattacharya

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।