SUCI Book Stall
SUCI Book Stall

পুজোয় এসইউসিআই বুকস্টলে এসআইআর সংক্রান্ত বই

Bengal Liberty : এবার পুজোতেও তাঁরা বইয়ের স্টল দেবেন। একথা জানালেন এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। শুক্রবার এসইউসিআই (কমিউনিস্ট) রাজ্য কমিটির উদ্যোগে শারদীয়া বুক স্টল সম্পর্কিত একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চণ্ডীদাস ভট্টাচার্য। সেখানে তিনি বলেছেন, “বইয়ের স্টল গণতান্ত্রিক পরিসরে মতবাদভিত্তিক সংগ্রামের একটা অংশ। এই সম্পর্কে যে নানা বিতর্ক তৈরি করা হচ্ছে, তা গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য নয়। আশা করি, উৎসবের সময়ে শান্তিপূর্ণ ভাবেই বইয়ের স্টল আমরা দিতে পারব।”


তিনি বলেন, “আমাদের দলের পক্ষ থেকে সারা বছরই দলের মতাদর্শ সম্বলিত পুস্তিকা, পত্রিকা ইত্যাদি নিয়ে মানুষের কাছে যাই। বুক স্টল করি। ভ্রাম্যমাণ বুক স্টলও হয়। শারদীয় উৎসব বা অন্য যে কোনও উৎসবের সময় যখন বহু মানুষ সমবেত হয় তখন আমরা এই কাজ করি। এই বুক স্টল গণতান্ত্রিক পরিসরে মতবাদিক সংগ্রামের একটা অংশ।”
প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপুজো না-লিখলে সিপিএম-সহ বামপন্থী দলগুলির বইয়ের স্টল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরে এই নিয়ে বিতর্ক এবং নানা জায়গায় অশান্তিও তৈরি হয়েছে। সেই বিতর্ক কাম্য নয় জানিয়ে এহেন মন্তব্য করেছেন চণ্ডীদাস ভট্টাচার্য।


তাঁর অভিযোগ, নানা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, তা কোনও গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য হতে পারে না। আশা করব, আমরা শান্তিপূর্ণভাবেই এই বুক স্টল এবছর উৎসবের সময় করতে পারব। এসআইআর নিয়ে পুস্তিকার পাশাপাশি ‘ভারত ছাড়ো আন্দোলন বিরোধিতায় এক সুর হিন্দুমহাসভা ও মুসলিম লিগ’ এবং ‘দেশভাগ, পশ্চিমবঙ্গের ভারতভুক্তি ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা’-এই তিনটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করা হয় পার্টির তরফে। এগুলি এবং বামপন্থী বিভিন্ন বই মানুষের কাছে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে এসইউসি।

Pushpak Bhattacharya
Pushpak Bhattacharya

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।