Bengal Liberty:
হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে নবান্ন সভাঘরে আয়োজিত ১৫তম জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।এই অনুষ্ঠান থেকে কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা ও চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। ক্রীড়া ক্ষেত্রে রাজনৈতিক নিয়ন্ত্রণের বদলে যোগ্যতা ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বাজেটের বরাদ্দ (CM Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রীর দাবি, প্রতিভা ও মেধার অভাব বাংলায় নেই। কিন্তু পরিকাঠামো, উদ্যোগ, অনুপ্রেরণা এবং প্রয়োজনীয় সহযোগিতার ঘাটতির কারণে রাজ্যের ক্রীড়াবিদরা প্রত্যাশিত সুযোগ পাচ্ছেন না। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ গত সরকারের আমলে ক্রীড়া জগৎকে কার্যত কুক্ষিগত করে রাখা হয়েছিল ‘। এই পরিস্থিতি বদলানোর লক্ষ্যে এবারের বাজেটে ক্রীড়া খাতে ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি।
আরও খবর
পর্যায়ক্রমে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে আধুনিক সুবিধাযুক্ত মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। টেবিল টেনিস, ব্যাডমিন্টন, জিম-সহ বিভিন্ন ক্রীড়া পরিকাঠামো থাকবে সেখানে। চলতি বছরে ১০০টি এমন পরিকাঠামো তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পরিকাঠামোয় জোর (CM Suvendu Adhikari)
একই সঙ্গে সাবডিভিশন ও জেলা স্তরের ক্রীড়া সংস্থাগুলির পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও বলেন মুখ্যমন্ত্রী। জাতীয় ও রাজ্য স্তরের ক্রীড়াবিদদের উৎসাহ দিতে ৪ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয় অনুষ্ঠানে। মোট ১৪৫ জন কৃতী ক্রীড়াবিদকে সম্মান জানানো হয়।
‘খেলো ইন্ডিয়া’-র আওতায় কেন্দ্রের কাছ থেকে আরও অর্থ বরাদ্দের জন্য বিস্তারিত ডিপিআর তৈরির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সহায়তা এবং পুলিশ-সহ বিভিন্ন ক্ষেত্রে স্পোর্টস কোটায় নিয়োগে উৎসাহ দেওয়ার কথাও জানান তিনি।
CM Suvendu Adhikari
এদিনের নবান্নে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন হকি খেলোয়াড় গুরুবক্স সিং, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে প্রমুখ।

আরও পড়ুনঃ ক্রীড়া দিবসের দিনেই এক গুচ্ছ পরিকল্পনার ঘোষণা শুভেন্দু অধিকারীর!


