Rajya Sabha Election 2026
Bengal Liberty Desk, কলকাতা:
আসন্ন রাজ্যসভা নির্বাচন। হাতে আর মাত্র কয়েকদিন বাকি। রাজ্যসভা নির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা করে দিল তৃণমূল। আজ, শুক্রবার রাতেই প্রত্যাশিতভাবেই প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল-কংগ্রেস। এবারের তালিকায় প্রশাসনিক অভিজ্ঞতা থেকে শুরু করে চলচ্চিত্র জগৎ— সবক্ষেত্রকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

তৃণমূলের ঘোষিত তালিকায় রয়েছেন কারা? Rajya Sabha Election 2026
রাজীব কুমার: রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি (DGP)
কোয়েল মল্লিক: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী
বাবুল সুপ্রিয়: রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক
মেনকা গুরুস্বামী: সুপ্রিম কোর্টের আইনজীবী

এদিন তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে যে, এই প্রার্থীরা দেশের মানুষের অধিকার রক্ষায় এবং তৃণমূলের লড়াইয়ের ঐতিহ্য বজায় রাখতে সংসদে জোরালো সওয়াল করবেন। বিশেষভাবে নজর কেড়েছে রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম।
অনেকের মতে, অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিকদের সংসদে পাঠিয়ে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বে বাড়তি সুবিধা পেতে চাইছে শাসক দল।

আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনও রয়েছে। বিধায়কদের সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয় নিশ্চিত। তৃণমূলের চার প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে, বিজেপি তাদের পক্ষ থেকে কাদের প্রার্থী করবে।
এই চারটি আসনে তৃণমূলের সাংসদ ছিলেন সুব্রত বক্সী, মৌসম বেনজির নূর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলে। বয়স এবং শারীরিক কারণে সুব্রত বক্সী নিজেই আর রাজ্যসভায় যেতে চান বলে জানিয়েছিলেন দলকে। মৌসম বেনজির নূর সাংসদ পদ থেকে সদ্য ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় প্রার্থী করার পরিকল্পনা রয়েছে শাকদলের। সেই অর্থে বাদ খাতায় পড়লেন সাকেত গোখলে।
