BJP candidate list Bengal
Bengal liberty desk,১৮ মার্চ :
২০২৬-এর বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে বড় চমক দিল বিজেপি। খড়গপুর সদর আসনে ফিরিয়ে আনা হয়েছে মেদিনীপুরের ভূমিপুত্র এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। নাম ঘোষণা হওয়ার পরেই বুধবার দুপুরে নিজের পুরনো কেন্দ্রে পৌঁছে বাইক র্যালির মাধ্যমে প্রচার শুরু করলেন তিনি। কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস এবং ‘বরণ’ দেখে মেজাজি দিলীপের হুঙ্কার— “টার্গেট ১ লক্ষ ভোট।”

চেনা মাটি, চেনা লড়াই BJP candidate list Bengal
২০২৪-এর লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করেছিল দল। সেখানে আশানুরূপ ফল না হলেও, ২০২৬-এর বিধানসভা লড়াইয়ে তাঁকে ফের খড়গপুর সদরের মতো হাই-প্রোফাইল আসনে ফিরিয়ে আনা হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হয়েছিলেন তিনি। ২০২১-এ এখানে হিরণ চট্টোপাধ্যায় জয়ী হলেও এবার দল অভিজ্ঞ দিলীপ ঘোষের ওপরেই ভরসা রেখেছে।

১ লক্ষ ভোটের লক্ষ্য মাত্রা
আজ প্রচারে নেমে দিলীপ ঘোষ জানান যে, তিনি খড়গপুর ছেড়ে কোথাও যাননি, শুধু মাঝখানে দলের নির্দেশে বাইরে কাজ করেছেন। তাঁর কথায়, “পার্টি মনে করেছে আমাকে ওখানে লড়ালে লাভ হবে, তাই নাম ঘোষণা করেছে। জেতার জন্যই লড়ব। খড়গপুরের মানুষ বিজেপির সঙ্গেই রয়েছে, তাই এখানে আলাদা করে প্রচারের প্রয়োজন পড়ে না। আমাদের টার্গেট এবার ১ লক্ষ ভোট জেতা।”
বুধবার খড়গপুর শহরে পা রাখতেই দিলীপ ঘোষকে মালা পরিয়ে এবং শঙ্খ বাজিয়ে স্বাগত জানান বিজেপি কর্মীরা। খড়গপুর শহরের ঘিঞ্জি গলি থেকে শুরু করে রাজপথ— সর্বত্রই তাঁকে ঘিরে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হিরণ চট্টোপাধ্যায়ের প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এখনও অনেক আসনে প্রার্থী দেওয়া বাকি, দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
