NEET-UG
Bengal Liberty: প্রশ্নফাঁস বিতর্কের জেরে বাতিল হওয়া নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা আজ, ২১ জুন রবিবার পুনরায় অনুষ্ঠিত হচ্ছে। দেশজুড়ে ২২ লক্ষ ৭৯ হাজার পরীক্ষার্থীর পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে ১ লক্ষ ৯ হাজার পড়ুয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং রাজ্য প্রশাসন যৌথভাবে বিশেষ নিরাপত্তা ও পরিকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করেছে।
পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলি (NEET-UG)
পরীক্ষার সময় দুপুর ২:০০ টা থেকে বিকেল ৫:১৫ টা পর্যন্ত। পরীক্ষার্থীদের সুবিধার জন্য পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বৃদ্ধি করে মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট (১৯৫ মিনিট) করা হয়েছে।পরীক্ষার্থীদের বেলা ১১:০০ টা থেকে দুপুর ১:৩০ টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে। দুপুর ১:৩০ টার পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
বৈধ অ্যাডমিট কার্ড এবং সরকার অনুমোদিত সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট) সঙ্গে রাখা বাধ্যতামূলক।

নিরাপত্তা ও বায়োমেট্রিক ব্যবস্থা (NEET-UG)
পরীক্ষাকেন্দ্রে ত্রি-স্তরীয় নিরাপত্তা বলয় ও সিসিটিভি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।প্রতিটি কেন্দ্রে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক। যান্ত্রিক ত্রুটির কারণে বায়োমেট্রিক যাচাইয়ে সমস্যা হলে পরীক্ষার্থীরা নির্দিষ্ট চিঠির মাধ্যমে তা জানিয়ে পরীক্ষা দিতে পারবেন।মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা যেকোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট পরীক্ষাকেন্দ্রে নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন রাজ্যে বিশেষ ব্যবস্থা (NEET-UG)
বিভিন্ন রাজ্য সরকার পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে,
দিল্লি: পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ১০০টি ‘কুলিং জ়োন’ এবং বিনামূল্যে বাস পরিষেবা।
উত্তরপ্রদেশ: অ্যাডমিট কার্ড দেখালে সরকারি বাসে ৫০ শতাংশ ভাড়া ছাড়।
বিহার: ৯৭৫টি সরকারি বাসে পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা।
ঝাড়খণ্ড: ভিড় এড়াতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
উত্তরাখণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পঞ্জাব:
পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবার সুবিধা প্রদান করা হয়েছে।

রাজ্যভিত্তিক প্রস্তুতি (NEET-UG)
পশ্চিমবঙ্গে মোট ২১৮টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে খাস কলকাতায় ৩৮টি কেন্দ্র রয়েছে। পরীক্ষা পরিচালনা করতে দেশজুড়ে প্রায় ২ লক্ষ কর্মী ও আধিকারিক মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে নজরদারির জন্য অবজ়ার্ভার ও কো-অর্ডিনেটর নিযুক্ত করা হয়েছে। সকল পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ডে উল্লিখিত নির্দেশাবলী মেনে অন্তত দেড় ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।


