Narendra Modi
Bengal Liberty:
ভারতীয় নৌবাহিনীর হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি যুদ্ধজাহাজ তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘আত্মনির্ভর ভারত’ গড়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে ভারত। আজ, রেড রোডে যোগ দিবস পালনের পর তিনটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে আনুষ্ঠানিক ভাবে এই তিন যুদ্ধজাহাজ নৌসেনার হাতে তুলে দেওয়া হয়। মার্চেই এই তিন যুদ্ধজাহাজ নৌসেনার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। শুধু এই রণতরীগুলিকে নৌসেনার হাতে তুলে দেওয়া বাকি ছিল। আন্তর্জাতিক যোগ দিবসে নৌসেনার হাতে সেই তিন রণতরী তুলে দিলেন প্রধানমন্ত্রী। তিনটি যুদ্ধ জাহাজ হলো– আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক। গার্ডেনরিচ শিপবিল্ডার্সে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই যুদ্ধ জাহাজগুলি।

জলপথে সামরিক শক্তি বাড়ানোর প্রয়োজনে ভারতীয় নৌবাহিনী দেশীয় নৌবহরে দেশীয় যুদ্ধজাহাজ তৈরি করল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘নৌশক্তি ছাড়া দেশের শক্তিবৃদ্ধি অসম্ভব। আত্মনির্ভর ভারতের নৌসেনার শক্তি। আইএনএস দুনাগিরি নৌসেনার শক্তি বাড়াবে।’ সেনাবাহিনীর প্রতিটি ক্ষেত্রেই দেশীয় প্রযুক্তির উপরে নির্ভরতা বাড়িয়েছে ভারত। এই তিন যুদ্ধজাহাজ তার অন্যতম প্রমাণ। প্রধানমন্ত্রীর কথায়, ‘ভারত সমুদ্রশক্তির এক নতুন দিশায় যাচ্ছে। আগামী দিনে আরও শক্তি বাড়ানো হবে। আমাদের শক্তির পরিচয় আত্মনির্ভর।
আত্মনির্ভরতা এবং বিকশিত ভারতই ভারতের অগ্রগতির চাবিকাঠি। এই কমিশনিংয়ের জন্য আমি আমাদের নৌবাহিনী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানাই’। ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো নকশা প্রস্তুত করেছে। ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর ভারত’ প্রতিফলন ঘটছে। তিনটি জাহাজকে একত্রে ‘ত্রিশূল’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী।
যুদ্ধজাহাজ উদ্বোধন
রবিবার কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে আয়োজিত অনুষ্ঠানে এই তিনটি যুদ্ধজাহাজকে নৌবাহিনীর বহরে অন্তর্ভুক্ত করা হয়। এই তিন যুদ্ধজাহাজ হল যথাক্রমে INS দুনাগিরি, INS অগ্রয় ও INS সংশোধক। এই তিনটি যুদ্ধজাহাজের মধ্যে গাইডেড মিসাইল ফ্রিগেট ‘দুনাগিরি’, ডুবোজাহাজ-বিরোধী অগভীর জলের যুদ্ধজাহাজ ‘অগ্রয়’ এবং জরিপ জাহাজ ‘সংশোধক’। তবে, এই প্রথমবার নয়, এর আগে ২০২৫ সালের ১৫ জানুয়ারি মুম্বইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে নীলগিরি শ্রেণির প্রথম স্টেলথ ফ্রিগেট আইএনএস নীলগিরি, ডেস্ট্রয়ার আইএনএস সুরাট এবং সাবমেরিন আইএনএস ভাগশীরকে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

INS দুনাগিরি: এই জাহাজটি প্রজেক্ট ১৭এ (Project 17A)-এর পঞ্চম ফ্রিগেট এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) দ্বারা কলকাতায় নির্মিত এই শ্রেণির দ্বিতীয় জাহাজ। শক্তিশালী ব্রহ্মস সারফেস-টু-সারফেস মিসাইল এবং মাঝারি পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম সজ্জিত।
INS অগ্রয়: এটি হলো ভারতীয় নৌবাহিনীর একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত আর্নালা-শ্রেণির বিধ্বংসী যুদ্ধজাহাজ। এটি বিশেষ ভাবে অগভীর সমুদ্রে শত্রু দেশের সাবমেরিন শনাক্ত করতে এবং ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি টর্পেডো, রকেট লঞ্চার এবং অত্যাধুনিক অগভীর জলের সিস্টেমে সজ্জিত।
INS সংশোধক: হলো ভারতীয় নৌবাহিনীর জন্য গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত একটি অত্যাধুনিক হাইড্রোগ্রাফিক সার্ভে (জরিপ) জাহাজ। এটি ‘সন্ধ্যায়ক’ শ্রেণির চতুর্থ ও চূড়ান্ত জাহাজ যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। উপকূলীয় ও গভীর সমুদ্রের নিখুঁত হাইড্রোগ্রাফিক জরিপ বা অপারেশন, যা সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি, নেভিগেশনাল রুট নির্ধারণ এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করতে সাহায্য করে।


