Basirhat voter list controversy
Bengal Liberty Desk, Kolkata:
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার অন্তর্গত বসিরহাট ২ নম্বর ব্লক-এ ভোটার তালিকা সংশোধন ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। Basirhat voter list controversy অভিযোগ, ওই ব্লকের দুটি বুথে থাকা মোট ২,৪৯৮ জন ভোটারের মধ্যে ৮৩৮ জনের নাম নতুন তালিকা থেকে বাদ পড়েছে। ঘটনাটি সামনে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভোটার তালিকার সংশোধিত খসড়া প্রকাশের পরই বিষয়টি সামনে আসে। তালিকা খতিয়ে দেখতে গিয়ে বহু বাসিন্দা দেখতে পান, তাঁদের বা তাঁদের পরিবারের সদস্যদের নাম আর তালিকায় নেই। অভিযোগ উঠেছে, একই এলাকার একাধিক পরিবারের একাধিক সদস্যের নাম বাদ পড়েছে, ফলে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এত বড় সংখ্যায় ভোটারের নাম একসঙ্গে বাদ পড়া অত্যন্ত উদ্বেগজনক। অনেকেই ইতিমধ্যে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন এবং পুনরায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন। ভোটারদের একাংশের বক্তব্য, তাঁরা বহু বছর ধরেই ওই বুথে ভোট দিয়ে আসছেন, অথচ এবার হঠাৎ করে নাম বাদ পড়ায় তাঁরা বিস্মিত।

কোন বুথে কতজনের নাম বাদ Basirhat voter list controversy
জানা যাচ্ছে বড় গোবরা (বুথ নং ৫) বুথের মোট ৯৯২ জন ভোটারের মধ্যে ৩৪০ জনের নাম বাদ গেছে। এরা আগে খসড়া তালিকায় “under adjudication” হিসেবে চিহ্নিত ছিল। পরে সাপ্লিমেন্টারি লিস্টে সেই নামগুলো deleted category-তে চলে যায়। এমনকি ওই বুথের বিএলও (Booth Level Officer) -এর নামও তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ ওঠে। অন্যটি হলো একই গ্রাম পঞ্চায়েতের আরেকটি সংলগ্ন বুথ। এই বুথের মোট ১৫০৬ জন ভোটারের মধ্যে প্রায় ৪৯৮ জন ভোটারের নাম বাদ পড়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। বড় গোবরা, বিবিপুর ও বেগমপুর এই তিনটি গ্রামের বহু পরিবারের একাধিক সদস্যের নাম সাপ্লিমেন্টারি লিস্টে বাদ গেছে।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র তরজা। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ভোটের আগে এভাবে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক। বিষয়টি খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। অন্যদিকে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করা হয়। কেউ যদি অন্যত্র চলে যান, মৃত্যু ঘটে, বা নথিপত্রে অসঙ্গতি থাকে, তাহলে সংশোধনের সময় নাম বাদ পড়তে পারে। তবে যদি কারও নাম ভুলবশত বাদ পড়ে থাকে, তাহলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবার নাম অন্তর্ভুক্ত করা সম্ভব।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটাররা নির্দিষ্ট ফর্ম জমা দিয়ে নিজেদের নাম পুনরায় তালিকাভুক্ত করার সুযোগ পান। ইতিমধ্যে অনেকেই সেই প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এখন নজর রয়েছে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, দ্রুত যাচাই করে যাদের নাম ভুলবশত বাদ পড়েছে তাদের পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, যাতে তারা আসন্ন নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

