panskura incident
Bengal Liberty: রাজ্যের সরকারি হাসপাতালে একের পর এক ধর্ষণের ঘটনা! চুপ মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যক্ষেত্রে সফলতা উদযাপন করতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের ঘটনায় নীরব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী!
এদিন এসএসকেএমের সাফল্যে উৎফুল্ল হয়ে কর্তৃপক্ষের হাতে ১০ লক্ষ টাকা উপহার দেওয়ার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। সেই টাকায় চিকিৎসকরা গেট টুগেদার করবেন। তুলে ধরলেন, স্বাস্থ্য ক্ষেত্রের আয়-ব্যয়ের পরিসংখ্যান। যখন তিনি এই বিষয়গুলো উত্থাপন করছেন, তখন পূর্বমেদিনীপুরের পাঁশকুড়া রীতিমতো উত্তপ্ত।

পাঁশকুড়ার ঘটনায় কেন চুপ মুখ্যমন্ত্রী? প্রশ্নের ঝড় উঠেছে (panskura incident)
সরকারি হাসপাতালের অন্দরে কর্মরত অবস্থায় ফের ধর্ষণের শিকার এক স্বাস্থ্যকর্মী। অভিযুক্ত হাসপাতালেরই এক আরেক কর্মী। ঘটনাটি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের। ইতিমধ্যেই রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে একইভাবে আরজিকর হাসপাতালে ডাক্তার পড়ুয়া ধর্ষণের শিকার হন। আজও বিচার মেলেনি সেই জঘন্য অপরাধের। স্বাস্থ্যক্ষেত্রে আরও একবার ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট মহলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত জাহির আব্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে এই হাসপাতালে নিয়োগ হওয়া একটি বেসরকারি এজেন্সির ম্যানেজার। তার মাথায় তৃণমূলের হাত আছে। সেই সূত্রে হাসপাতালে কর্মরত ওয়ার্ড গার্লদের হুমকি দিয়ে ধর্ষণ করত, ভয় দেখাত। ঘটনার প্রেক্ষিতে ৩ জন মহিলা থানায় অভিযোগ করেন। তার প্রেক্ষিতে আব্বাসকে কোলাঘাট থেকে গ্রেফতার করে পুলিশ।
নির্যাতিতা মহিলাদের অভিযোগ, আব্বাস জোর করত সহবাসের জন্য। রাজি না-হলে ভয় দেখাত। চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিত।
পুলিশ আপাতত জানার চেষ্টা করছে যে, আব্বাসের পাশাপাশি হাসপাতালে এই ঘটনার সঙ্গে অন্যকেউ জড়িত আছে কি-না। যদিও, হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে।
এদিকে, জাতীয় মহিলা কমিশন গোটা ঘটনার প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা করেছে। প্রয়োজনে বিশেষ টিম এসে পরিস্থিতি খতিয়ে দেখবে, নির্যাতিতাদের সঙ্গে কথাও বলবেন তাঁরা।
