ED Raids
Bengal Liberty, ২৫ এপ্রিল :
দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED Raids)। শনিবার সকালেই উত্তর ২৪ পরগনার হাবড়ায় একযোগে তিন চাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সাগর সাহা, পার্থ সাহা ও রাজীব সাহার বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। অভিযানে তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও, যারা গোটা এলাকায় নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে। হাবড়ার শ্রীনগরে সাগর সাহার বাড়ি এবং দেশবন্ধু পার্ক সংলগ্ন সুভাষ রোডে রাজীব ও পার্থ সাহার বাড়িতে একযোগে চলছে এই তল্লাশি (ED Raids)।

পূর্বের ঘটনা ও তদন্তের সূত্র (ED Raids)
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে বড়সড় চাল ও গম পাচারের ঘটনা সামনে আসে। অভিযোগ, প্রায় ১৭৫টি গাড়িতে করে বাংলাদেশে খাদ্যশস্য পাচারের চেষ্টা হচ্ছিল, যা সীমান্তরক্ষী বাহিনী আটক করে। সেই ঘটনার তদন্তে নাম উঠে আসে একাধিক ব্যবসায়ীর। তারই সূত্র ধরে চলতি বছরের মার্চ মাসের শেষদিকে হাবড়ার চাল ব্যবসায়ী নিরঞ্জন সাহার বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মনে করা হচ্ছে, সেই পুরনো মামলার আর্থিক লেনদেন ও তছরুপের দিক খতিয়ে দেখতেই ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ভোটের আবহে ইডি তৎপরতা (ED Raids)
রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে গত কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন মামলায় তৎপরতা বাড়িয়েছে ইডি। কখনও বাড়ি বা অফিসে হানা, আবার কখনও কলকাতার সিজিও কমপ্লেক্সে তলব। সব মিলিয়ে তদন্তের গতি চোখে পড়ার মতো। প্রথম দফা ভোটের আগেও কলকাতা-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। এবার দ্বিতীয় দফা ভোটের আগে হাবড়ায় তিন চাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়েছে। ইডি সূত্রে জানা গেছে, একটি আর্থিক তছরুপের মামলার সূত্র ধরেই এই তল্লাশি। শনিবার ভোরে কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে একাধিক দল রওনা দিয়ে হাবড়ায় পৌঁছায় এবং অভিযান শুরু করে।
