Mamata Banerjee
Bengal Liberty, ৩ মে :
ভবানীপুর এবার হাই ভোল্টেজ কেন্দ্র! ২০২১-এ যেমন গোটা রাজ্যের নজর ছিল নন্দীগ্রামে, ঠিক তেমনই এবার সকলের চোখ ভবানীপুরে (Mamata Banerjee)। কারণ, এই কেন্দ্রে ফের মুখোমুখি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। ২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে অপ্রত্যাশিত পরাজয়ের স্মৃতি এখনও টাটকা তৃণমূল নেত্রীর। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে এবার শুরু থেকেই অনেক বেশি সতর্ক ও কৌশলী মমতা। ফল ঘোষণার আগেই তাই নিজের শক্ত ঘাঁটি ভবানীপুরে সংগঠনকে আরও আঁটোসাঁটো করতে নামলেন তিনি। গণনার আগে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবেই আজ, রবিবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্ট, কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কালীঘাটের বাসভবন সংলগ্ন দফতরেই হতে চলেছে রবিবারের সান্ধ্য বৈঠক (Mamata Banerjee)।

গণনার আগে চূড়ান্ত বৈঠক (Mamata Banerjee)
সোমবার ভবানীপুর সহ রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগণনা হতে চলেছে। তার ঠিক আগের দিন, আজ, রবিবার সন্ধ্যায় নিজের বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকার জন্য ডাকা হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদের। পাশাপাশি থাকবেন সংশ্লিষ্ট ওয়ার্ডগুলির সভাপতিরাও। সূত্রের খবর, গণনার আগে প্রতিটি স্তরের প্রস্তুতি খতিয়ে দেখা এবং কোনও ত্রুটি না রাখতেই এই বৈঠক। সূত্রে আরও খবর, এই বৈঠকে গণনার দিন কাউন্টিং এজেন্ট এবং ভবানীপুরে দলের অন্য পদাধিকারীদের কার কী ভূমিকা হবে, তা স্পষ্ট করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।

দফায় দফায় বৈঠক (Mamata Banerjee)
প্রসঙ্গত, ভোটগণনাকে সামনে রেখে দুই শিবিরেই তৎপরতা তুঙ্গে। শুক্রবারই দলীয় কর্মীদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অরফ্যানগঞ্জের দলীয় কার্যালয়ে হওয়া সেই বৈঠকে গণনাকে ঘিরে রণকৌশল চূড়ান্ত করা হয় বলে সূত্রের খবর।
অন্যদিকে, শনিবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সমস্ত প্রার্থী ও শীর্ষ নেতৃত্ব। তৃণমূল সূত্রে জানা গেছে, গণনাপ্রক্রিয়া নিয়ে এজেন্টদের একাধিক স্পষ্ট নির্দেশ দেন মমতা-অভিষেক। গণনাকেন্দ্রের প্রতিটি মুহূর্তের আপডেট সরাসরি দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে বলা হয়েছে। পাশাপাশি, কোনও কেন্দ্রে অল্প ব্যবধানে বিজেপি এগিয়ে থাকলে পুনর্গণনার দাবি তোলার কথাও জানানো হয়।
