Dilip Ghosh
Bengal Liberty, ৪ মে :
বঙ্গ রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের সকালেই চড়ছে উত্তেজনার পারদ (Dilip Ghosh)। টানটান উত্তেজনায় মধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ২০২৬ বিধানসভা নির্বাচনের ভোটগণনা, আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ক্ষমতার সমীকরণ- পরিবর্তন, নাকি পুরনো সরকারের প্রত্যাবর্তন। এই আবহেই খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গণনাকেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী সুরে জানিয়ে দিলেন, তিনি প্রায় এক লক্ষ ভোটে জিতবেন বলে আশাবাদী। শুধু জয়ের দাবি নয়, প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসকেও তীব্র কটাক্ষ করেন তিনি। দিলীপের কথায়, ফলাফল ঘোষণার আগেই নাকি পরাজয়ের আশঙ্কায় রাস্তায় নেমে প্রতিবাদে বসছে শাসক শিবির (Dilip Ghosh)।

খড়গপুর সদরে নজর (Dilip Ghosh)
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেসব আসন নিয়ে সবচেয়ে বেশি চর্চা, তার মধ্যে অন্যতম খড়গপুর সদর। দীর্ঘদিন পর এই কেন্দ্রে আবার নিজের পুরনো জমি ফিরে পেয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি এলাকায় থেকে টানা প্রচার চালিয়েছেন, যা সাধারণ মানুষের সঙ্গেও তাঁর যোগাযোগ আরও মজবুত করেছে। খড়গপুরবাসীর একাংশও তাঁকে ফের জনপ্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহী বলে রাজনৈতিক মহলে মত। প্রচারের সময় তাঁর ভাষণ ছিল যথেষ্ট আক্রমণাত্মক, তবে ভোটের দিন দেখা গিয়েছে একেবারে ভিন্ন ছবি। শান্ত ও সংযত ছিলেন তিনি। এবার অপেক্ষা শুধু ফলাফলের। সোমবার সকালে নিজেই প্রার্থী হিসেবে গণনাকেন্দ্রে পৌঁছন দিলীপ ঘোষ। আর সেখানে যাওয়ার আগেই আত্মবিশ্বাসী সুরে শাসকদলকে ‘বিরোধী’ আসনে বসিয়ে দিয়ে রাজনৈতিক বার্তা দিয়ে গেলেন তিনি।

আত্মবিশ্বাসী দিলীপ, রাজ্যজুড়ে বিজেপির জয়ের দাবি (Dilip Ghosh)
সোমবার সকালেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসে ভরপুর সুর শোনালেন দিলীপ ঘোষ। খড়গপুর সদরের ফল নিয়ে তিনি বলেন, “খড়গপুরের মানুষ নিজেদের ভাগ্য নিজেরাই গড়েছেন। আমরা শুরু থেকেই বলেছিলাম, এক লক্ষ ভোটে জিততে হবে-মানুষ সেইভাবেই ভোট দিয়েছেন।” শুধু এই কেন্দ্র নয়, গোটা রাজ্যেই বিজেপির বড় জয় হবে বলেও দাবি করেন তিনি। এদিকে গণনা নিয়ে তৃণমূলের কারচুপির অভিযোগ প্রসঙ্গে দিলীপের কটাক্ষ, “হেরে যাবে বলেই এসব বলছে। দেখছেন না, এখনই রাস্তায় বসে ধরনা দিচ্ছে! এসব কারা করে? বিরোধীরা। ভালোই, ওরা বিরোধী হওয়া অভ্যাস করছে।”
