Ajay Nanda
Bengal Liberty, kolkata:
ভোটের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর ভেসে আসছে। কলকাতা সহ একাধিক জেলায় হামলা, ভাঙচুর এবং রাজনৈতিক উত্তেজনার অভিযোগ উঠছে। একদিকে যেমন বেশ কিছু জায়গায় তৃণমূলের পার্টি অফিসে হামলার ঘটনাও সামনে এসেছে তেমনই ছাড় পায়নি বিজেপি নেতা কর্মীরাও। এর পাশাপাশি, কোথাও কোথাও উত্তরপ্রদেশের আদলে বুলডোজার মিছিলের ট্রেন্ডও উঠে আসছে। এই পরিস্থিতিতে কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ।
পুলিশ কমিশনার অজয় নন্দা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শহরে জেসিবি বা বুলডোজার নিয়ে কোনও ধরনের মিছিলের করা যাবে না। আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যারা এই ধরনের যন্ত্র ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হবে বলে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে পুলিশ জানিয়েছে, কোনও ধরনের মিছিল করতে হলে আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অনুমতি ছাড়া রাস্তায় নামলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বুলডোজার মিছিলে নিষেধাজ্ঞা
দীর্ঘ ১৫ বছর পর রাজ্যে পালাবদলের পর থেকেই কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে সরগরম বিভিন্ন এলাকা। কিন্তু সেই আবহের মাঝেই মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার নিউ মার্কেট চত্বর। অভিযোগ, বিজেপির পতাকা হাতে একদল যুবক হগ মার্কেট সংলগ্ন এলাকায় হকারদের অস্থায়ী কাঠামো ভেঙে দেয়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কড়া নজরদারি ও হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার পরই শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা স্পষ্ট জানিয়েছেন, বুলডোজার বা জেসিবি নিয়ে কোনও ধরনের মিছিলের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি, সাম্প্রতিক অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা রুজু হয়েছে।

কলকাতা পুলিশ কমিশনারের বার্তা
গুজব রুখতে সাধারণ মানুষের প্রতি বিশেষ আবেদন জানাল কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার অজয় নন্দা স্পষ্ট করে বলেন, কোনও রকম অপ্রমাণিত খবর বা গুজবে কান না দিয়ে সরাসরি পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর কথায়, পরিস্থিতি সামাল দিতে প্রশাসন প্রস্তুত এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, রাজ্যে নির্বাচনের ফল প্রকাশের পর ছড়িয়ে পড়া অশান্তি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি পরিষ্কার জানিয়েছেন, কোনওভাবেই আইনশৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার, মুখ্য সচিব, কলকাতা পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয়ভাবে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি।
