Madhyamik Result 2026
Bengal Liberty, ৮ মে :
অবশেষে শেষ হল দীর্ঘ প্রতীক্ষা। আজ, শুক্রবার সকালে প্রকাশিত হল ২০২৬ সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result 2026)। সকাল সাড়ে ৯ টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং সচিব সুব্রত ঘোষ। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের ফল দেখতে শুরু করে লক্ষ লক্ষ পরীক্ষার্থী। ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন স্কুলে তৈরি হয়েছে উৎসবের আবহ। কোথাও মিষ্টিমুখ, কোথাও উচ্ছ্বাস, আবার অনেক পড়ুয়াই এখন থেকেই ভবিষ্যতের পড়াশোনা ও কেরিয়ার পরিকল্পনা নিয়ে ব্যস্ত (Madhyamik Result 2026)।

এবার পাশের হার ৮৬.৮৩ শতাংশ (Madhyamik Result 2026)
এবার মাধ্যমিক পরীক্ষায় মোট পাশের হার হয়েছে ৮৬.৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এবারে ফল কিছুটা ভালো হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। ২০২৫ সালে পাশের হার ছিল ৮৬.৫৩ শতাংশ। অর্থাৎ এবারে প্রায় ০.৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সাফল্যের হার। জেলার নিরিখে সবচেয়ে ভালো ফল করেছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৫.১০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, যেখানে পাশের হার ৯৪.৮২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, পাশের হার ৯২.৩১ শতাংশ।
এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছিল মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ছিল ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন, ছাত্রী ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন এবং একজন রূপান্তরকামী পরীক্ষার্থী। যদিও শেষ পর্যন্ত পরীক্ষায় বসেছিল ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন। গত বছরের তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্যাও কিছুটা বেড়েছে। পরীক্ষা নেওয়ার জন্য রাজ্যজুড়ে তৈরি করা হয়েছিল ২৬৮২টি পরীক্ষাকেন্দ্র। এর মধ্যে মূল কেন্দ্র ছিল ৯৪৫টি এবং উপ-কেন্দ্র ১৭৩৭টি। এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি।

প্রথম দশে ১৩১ জন (Madhyamik Result 2026)
এবার মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে অভিরূপ ভদ্র। রায়গঞ্জের এই ছাত্র পেয়েছে ৬৯৮ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে প্রিয়তোষ মুখোপাধ্যায়। বীরভূমের এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৬। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে তিনজন- সৌর জানা, অঙ্কন কুমার জানা এবং মৈনাক মণ্ডল। তাঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯৫। এবার প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ১৩১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১০৩ জন ছাত্র এবং ২৮ জন ছাত্রী। প্রথম স্থানাধিকারীর নম্বরের হার ৯৯.৭১ শতাংশ, আর দশম স্থানাধিকারীর নম্বরের হার ৯৮.২৯ শতাংশ। বিভিন্ন স্কুলেও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

বাতিল হয়েছিল ৫১ জনের পরীক্ষা (Madhyamik Result 2026)
এবার পরীক্ষাকেন্দ্রে অনিয়ম রুখতে কড়া নজরদারি চালিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সাহায্য নেওয়ার অভিযোগে মোট ৫১ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। পর্যবেক্ষকদের নজরে আসতেই শেষ মুহূর্তে ধরা পড়ে এই অনিয়ম। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবে দুটি অফিসিয়াল ওয়েবসাইটে— WBBSE Result Portal এবং West Bengal Board of Secondary Education এছাড়াও গুগল প্লে স্টোর থেকে iResults, Madhyamik Results এবং Edutips App ডাউনলোড করেও ফল দেখা যাচ্ছে। ফল প্রকাশের দিন থেকেই স্কুলগুলিতে মার্কশিট ও সার্টিফিকেট বিলির ব্যবস্থাও করা হয়েছে।
