Bengal Liberty:
শনিবার নিহত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে তীব্র জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ (Sonarpur Violance)। বিক্ষোভকারীদের একাংশ ডিম ও জুতো ছুড়তে শুরু করেন। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতেই এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁর নিরাপত্তারক্ষীরা তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযুক্তদের গ্রেফতার Sonarpur Violance
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন আকাশ গায়েন, কাজল, দেবাশীষ এবং জয় সেনগুপ্ত। বাকি একজনের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
আরও খবর
পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় বেআইনি জমায়েত, পথ অবরোধ, সরকারি কাজে বাধা এবং অশান্তি সৃষ্টির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে কোনও অভিযোগ দায়ের করেননি। তদন্তকারীদের অনুমান, ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন এবং সেই কারণে গ্রেফতারের সংখ্যা বাড়তে পারে।

ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। পরে তাঁকে বেলভিউ ক্লিনিকেও নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর শরীরে গুরুতর আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। সেই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়েনি।
ঘটনার জেরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই একে কেন্দ্র করে একে অপরকে দোষারোপ করেছে। তবে পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী তদন্ত চলছে এবং সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।


