College street
Bengal Liberty, ৪ জুন :
গুজবে কান দেবেন না! কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী বইপাড়ায় সম্ভাব্য উচ্ছেদের গুঞ্জন গুজব বলে উড়িয়ে দিলেন পুর কমিশনার (College street)। সম্প্রতি কয়েকজন ব্যবসায়ীর দাবি, তাঁদের মৌখিকভাবে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে কলকাতা পুরসভা। পুর কমিশনার স্মিতা পান্ডে স্পষ্ট জানিয়েছেন, বই বিক্রেতাদের উচ্ছেদ করার বিষয়ে পুরসভার কোনও পরিকল্পনা নেই এবং এধরনের কোনও নির্দেশও জারি করা হয়নি (College street)।

অনিশ্চয়তার ছায়া কলেজ স্ট্রিটে (College street)
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিপরীতে, ইন্ডিয়ান কফি হাউস সংলগ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্ট্রিটে দীর্ঘদিন ধরে বইয়ের ব্যবসা করে আসছেন বহু বিক্রেতারা। তাঁদের একাংশের অভিযোগ, সম্প্রতি কয়েকজন পুরসভার আধিকারিক এসে ফুটপাত খালি করার কথা বলেছেন। এরপর থেকেই ব্যবসায়ীদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বই বিক্রেতাদের বক্তব্য, কলেজ স্ট্রিট শুধুমাত্র একটি বাজার নয়, এটি বাংলার শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রতীক। বিশ্বের অন্যতম বৃহৎ পুরনো বইয়ের বাজার এবং ভারতের বৃহত্তম বইপাড়া হিসেবে এর বিশেষ পরিচিতি রয়েছে। বহু দশক ধরে এখানে ব্যবসা করছেন অসংখ্য মানুষ। তাঁদের দাবি, হঠাৎ করে স্থান পরিবর্তনের নির্দেশ এলে শুধু ব্যবসাই ক্ষতিগ্রস্ত হবে না, বহু কর্মচারী ও তাঁদের পরিবারের জীবিকাও সংকটে পড়বে।

‘উচ্ছেদের কোনও নির্দেশ নেই’, স্পষ্ট বার্তা পুর কমিশনারের (College street)
ব্যবসায়ীদের উদ্বেগের মাঝেই আশ্বাসের সুর শোনা গেল কলকাতা পুরসভার তরফে। পুর কমিশনার স্মিতা পান্ডে জানিয়েছেন, কলেজ স্ট্রিটের বই বিক্রেতাদের উচ্ছেদ করার কোনও পরিকল্পনা পুরসভার নেই। পুরসভার পক্ষ থেকে এ ধরনের কোনও নির্দেশ জারি করা হয়নি এবং ভবিষ্যতেও এমন কোনও পদক্ষেপের পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, যদি কোনও ব্যবসায়ী উচ্ছেদ সংক্রান্ত কোনও নোটিশ পেয়ে থাকেন, তবে তার সত্যতা যাচাই করা উচিত। প্রয়োজনে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।


