Aroop Biswas
Bengal Liberty, ৭ জুন ২০২৬ : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে পৌঁছে গেল পুলিশ।(Aroop Biswas) বারবার তলব করা সত্ত্বেও তিনি হাজিরা না দেওয়ায় বিধাননগর পুলিশের একটি দল তাঁর বাড়িতে গিয়ে দরজার বাইরে নোটিশ টাঙিয়ে দেয়। পুলিশ সূত্রে খবর, বারবার বেল বাজালেও ভিতর থেকে কেউ দরজা খোলেনি; ফলে পুলিশকে এই পদক্ষেপ করতে হয়।
আরো পড়ুন:- Mamata meet Kejriwal: কেজরিওয়ালের দরবারে মমতা! বাংলা হারিয়ে দিল্লির ঘাঁটিই ভরসা নেত্রীর
স্বরূপের পর কি অরূপ(Aroop Biswas)
রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই একের পর এক তৃণমূল নেতা শ্রীঘরে যাচ্ছেন। সেই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউড ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিত্ব স্বরূপ বিশ্বাসের নাম। স্বরূপকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আর তাঁর গ্রেফতারির পরই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ।

সিন্ডিকেট ও গুন্ডারাজের পাশাপাশি মহিলাদের কুপ্রস্তাব দেওয়া, শাসকবিরোধী হলেই কাজ আটকে দেওয়া এবং অভিনেতাদের কাছ থেকে ‘কাটমানি’ নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। টলিউডের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে জিতু কামাল— অনেকেই এর শিকার হয়েছেন। এমনকি স্বরূপের নির্দেশেই প্রেক্ষাগৃহ থেকে একাধিক হিট ছবিও নামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
তবে ভাইয়ের পর এবার কি লিওনেল মেসি-কাণ্ডে শ্রীঘরে যেতে পারেন অরূপ বিশ্বাস? তা নিয়েই এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তুঙ্গে জল্পনা। পুলিশ দু’বার তলব করলেও অরূপ হাজিরা দেননি, যা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।
কোন ধারায় মামলা(Aroop Biswas)
যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে কয়েক দিন আগে একটি এফআইআর (FIR) দায়ের করে পুলিশ। অরূপ-সহ কয়েকজনের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী ধারাগুলি হলো— অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২)। এই এফআইআরের সূত্র ধরেই যুবভারতী-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তলব করেছিল পুলিশ।


