Debasish Kumar
Bengal Liberty, ১৬ জুন :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় চোখের ইশারা দেবাশিষের (Debasish Kumar)। তারপর ১ দিন কাটতে না কাটতেই দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতিত্বের পদ খোয়ালেন দেবাশিস। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল বৈশ্বানর চট্টোপাধ্যায় । মঙ্গলবার রাতে দলের তরফে তাঁকে দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়েছে। ঘটনার সূত্রপাত অবশ্য একদিন আগে। সূত্রের খবর, সোমবার কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় ফোনে যোগাযোগের ইশারা দিয়েছিলেন দেবাশিস কুমার। সেই দৃশ্য রাজনৈতিক মহলে যথেষ্ট সারা ফেলেছিল। আর তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে বৈশ্বানর চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হল। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, শুভেন্দুকে সেই ইশারারই কি খেসারত দিতে হল দেবাশিসকে (Debasish Kumar)?

সংগঠনকে আরও শক্তিশালী করাই লক্ষ্য
তৃণমূল সূত্রে দাবি, দক্ষিণ কলকাতা জেলা সংগঠনকে আরও সক্রিয়, গতিশীল এবং শক্তিশালী করে তুলতেই এই নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন জেলা সভাপতি হিসেবে বৈশ্বানর চট্টোপাধ্যায়ের নাম ঘোষণার পর থেকেই কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দায়িত্ব গ্রহণের পর বৈশ্বানর স্পষ্ট জানিয়েছেন, দক্ষিণ কলকাতা বরাবরই তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি। সেই সংগঠনকে আরও সুসংহত করা, বুথস্তরে দলীয় কর্মকাণ্ডের বিস্তার ঘটানো এবং রাজনৈতিক কর্মসূচিগুলিকে আরও কার্যকর ও জনমুখী করে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। আগামী দিনে সংগঠনকে তৃণমূল স্তর পর্যন্ত আরও মজবুত করার ওপরই জোর দিতে চান তিনি।



